https://www.prothomalony.com/

6713

north-america

উত্তর আমেরিকা

স্পিকার ম্যাককার্থি অপসারিতঃ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ ০৮:৫০

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো আইন প্রণেতাদের ভোটে স্পিকার অপসারিত হলেন। ৩ অক্টোবর মঙ্গলবার রিপাবলিকান দলের কতিপয় সদস্যের সমর্থনে ডেমোক্র্যাট সদস্যদের সম্মিলিত ভোটে ক্যাভিন মাকার্থি অপসারিত হয়েছেন। প্রতিনিধি পরিষদে ২১৬ - ২১০ ভোটে রিপাবলিকান স্পিকারের ভাগ্য নির্ধারিত হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে দ্রুত স্পিকার নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিপাবলিকান দলের ফ্লোরিডা থেকে নির্বাচিত ম্যাট গেটজের সাথে রক্ষণশীল ঘরানার রিপাবলিকান এন্ডি বিগস, কেন বাক, টিম বারচেট, ইলাই ক্রেইন, বব গুড, ন্যান্সি মাইস এভং ম্যাট রোসেন্ডেইল নিজ দলের স্পীকারকে অপসারণের জন্য ডেমোক্র্যাটদের সাথে হাত মিলালে পরিস্থিতি ক্যাভিন ম্যাকার্থির জন্য নাজুক হয়ে উঠে।

মার্কিন কংগ্রেসে এর আগে কখনই এমন ভোটে স্পিকারের অপসারণ হয়নি। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ম্যাট গেটজ ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ম্যাককার্থিকে পদচ্যুত করার প্রস্তাব করেছেন তিনি। নিয়ম অনুসারে, দুই দিনের মধ্যে হাউসে এই প্রস্তাবটি ভোটাভুটির জন্য উত্থাপন করার নিয়ম ছিল। মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সরকারের ব্যয় নির্বাহের জন্য স্টপগ্যাপ বিল পাস করানোর কারণেই ম্যাককার্থির ওপর ক্ষিপ্ত কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। ম্যাট গেটজ তাদেরই একজন।

যুক্তরাষ্ট্রে ক্ষমতার ক্রমানুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরপরই স্পিকারের অবস্থান। তিনিই কংগ্রেসের এজেন্ডা ঠিক করেন, বিভিন্ন কংগ্রেস কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এমনকি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ বা বাতিলও করার ক্ষমতা রাখেন।

১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছিলেন কেভিন ম্যাককার্থি। সেসময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তাঁর বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ম্যাট গেটজ অন্যতম। সে সময় ম্যাট গেটজ ১৫ বারই ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। নর্থ ক্যারোলাইনা থেকে নির্বাচিত প্যাট্রিক ম্যাকহ্যানরি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। অপসারিত স্পীকার ক্যাভিন ম্যাকার্থির ঘনিষ্ট হিসেবে পরিচিত প্যাট্রিক ম্যাকহ্যানরি। স্পিকার প্রো টেম্পো হিসেবে পরবর্তী স্পিকার নির্বাচিনের জন্য প্রতিনিধি পরিষদে ম্যাকহ্যানরি প্রিসাইড করা ছাড়া তেমন কোন দায়িত্ব পালন করতে পারবেন না। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ঘটনার পর আপদকালীন সময়ে সরকার চালু রাখার জন্য স্পীকারের তালিকা অনুযায়ী প্রো টেম্পো স্পিকার মনোনয়নের ব্যাপারে কার্যবিধি হালনাগাদ করা হয়েছিল।

কংগ্রেসে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি এখন চরমে। অতি রক্ষণশীলদের সাথে অন্যদের কোনো সমঝোতাই হচ্ছে না। নিজ দলের ৮ জন আইন প্রণেতা বিপক্ষে চলে যাওয়ায় কেভিন ম্যাককার্থির অপসারণ অবশ্যাম্ভাবী হয়ে উঠে। ডেমোক্র্যাট সদস্যরা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন এবং রিপাবলিকান  স্পিকারকে রক্ষার জন্য তাঁরা এগিয়ে আসেননি। ক্যাভিন ম্যাককার্থি দিনের শুরুতে বলেছেন স্পিকারশীপ রক্ষার জন্য তিনি ডেমোক্র্যাটদের সাথে কোন আপস আলোচনায় যাবেন না। তিনি ভোটের ফলাফলের আপীলে এ নিয়ে ডেমোক্র্যাটদের কাছে আহ্বান জানাবেন বলে সিদ্ধান্ত নেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের নেতা হ্যাকিম জ্যাফ্রিস তাঁর দলের লোকজনকে চিঠি দিয়ে বলেছেন তাঁরা ক্যাভিন ম্যাককার্থিকে অপসারণের পক্ষেই ভোট দেবেন এবং রিপাবলিকান দলের আইন প্রণেতাদের নিজেদের মধ্যে সিভিল ওয়ারের অবসান করার আহ্বান জানান তিনি।

স্পিকারের অপসারণের মধ্য দিয়ে ওয়াশিংটনের রাজনীতি জটিল হয়ে উঠেছে। চরম বিভক্ত কংগ্রেসে ডেমোক্র্যাটদের সাথে সমঝোতা করে কাজ কর্ম করে যাওয়া আইন প্রণেতারা এবারে ক্ষুব্ধ হয়েছে। ডেমোক্র্যাটরা ক্যাভিন ম্যাকার্থিকে রক্ষায় এগিয়ে না আসায় সমঝোতার রাজনীতি আরও কঠিন হয়ে উঠবে ওয়াশিংটনে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে ১৯১০ সালে ক্ষমতাসীন স্পীকার জো ক্যাননকে অপসারণের জন্য ভোট হয়েছিল। জো ক্যানন সেসময় তাঁর স্পীকারশীপ ধরে রাখতে পেরেছিলেন। ২০১৫ সালে স্পীকার জন বয়েনারকে অপসারণের জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। পরে প্রস্তাবটি কমিটিতে প্রেরণ করার পর ভোট পর্যন্ত যায়নি।  

স্পিকার ক্যাভিন ম্যাককার্থির অপসারণের পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রতিনিধি পরিষদে সংখ্যা গরিষ্ট দল রিপাবলিকানদের দ্রুত স্পিকার নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন পেরি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত স্পিকার নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তিনি সব দলকে নিয়ে কাজ কর্ম করার জন্য মুখিয়ে রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিপাবলিকানরা নৈরাজ্যবাদী বামদের সাথে লড়াই না করে নিজেদের মধ্যে কেন শুধু কলহ করছে ?   

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন