https://www.prothomalony.com/
6705
north-america
মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। স্পীকার ম্যাককার্থি তাঁর পদ হারাতে পারেন। কয়েক দিন আগেই নিজ দল রিপাবলিকান পার্টির কতিপয় অতি রক্ষণশীলদের বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করিয়েছেন স্পিকার কেভিন ম্যাককার্থি। এবার তাঁর বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছেন তারই দলের কংগ্রেসম্যান ম্যাট গেটজ।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র ম্যাট গেটজ ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসে ম্যাককার্থিকে পদচ্যুত করার প্রস্তাব করেছেন তিনি। নিয়ম অনুসারে, দুই দিনের মধ্যে হাউসে এই প্রস্তাবটি ভোটাভুটির জন্য উত্থাপন করতে হবে। স্পিকার কেভিন ম্যাককার্থি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টির প্রতি ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, বিষয়টি সামনে আনুন।’ মূলত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সরকারের ব্যয় নির্বাহের জন্য স্টপগ্যাপ বিল পাস করানোর কারণেই ম্যাককার্থির ওপর ক্ষিপ্ত কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। ম্যাট গেটজ তাদেরই একজন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত কোনো স্পিকারই অনাস্থা ভোটের মাধ্যমে পদচ্যুত হননি। তবে তারপরও ম্যাককার্থিকে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়া লাগতে পারে।
যুক্তরাষ্ট্রে ক্ষমতার ক্রমানুসারে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরপরই স্পিকারের অবস্থান। তিনিই কংগ্রেসের এজেন্ডা ঠিক করেন, বিভিন্ন কংগ্রেস কমিটির কার্যক্রম নিয়ন্ত্রণ করেন এমনকি প্রেসিডেন্টের এজেন্ডা নির্ধারণ বা বাতিলও করার ক্ষমতা রাখেন।
১৫ দফার চেষ্টায় মার্কিন কংগ্রেসের স্পিকার নির্বাচিত হয়েছিলেন কেভিন ম্যাককার্থি। সেসময় যেসব রিপাবলিকান আইনপ্রণেতা তাঁর বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে ম্যাট গেটজ অন্যতম। সে সময় ম্যাট গেটজ ১৫ বারই ম্যাককার্থির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন