https://www.prothomalony.com/

6630

north-america

উত্তর আমেরিকা

ভারতের অভিযোগ কানাডা সরকার সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৫৪

কানাডার দাবি হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত জড়িত, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণম জয়শঙ্কর এই দাবির বিষয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বিদেশের মাটিতে কাউকে হত্যা করা ভারত সরকারের নীতি নয় এবং অটোয়ার কাছে তাদের অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ও প্রাসঙ্গিক প্রমাণ চাওয়া হয়েছে। পেলে অবশ্যই সেগুলো খতিয়ে দেখা হবে। পাশাপাশি তিনি কানাডার বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগও করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মার্কিন থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেইন রিলেশনের (সিএফআর) এক সংলাপে অংশগ্রহণ করেন জয়শঙ্কর। সেখানে কানাডার মাটিতে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত—কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এমন মন্তব্যের বিপরীতে আপনার কোনো মন্তব্য রয়েছে কি না—এমন এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘কানাডার কর্মকর্তাদের সঙ্গে আমরা কী আলাপ করেছি তা আমি আপনাদের সামনে খোলাখুলি তুলে ধরতে চাই। প্রথমত, আমরা কানাডা সরকারকে বলেছি, এটি ভারত সরকারের নীতি নয়। দ্বিতীয়ত, আমরা কানাডীয়দের আরও বলেছি, ‘দেখুন, আপনাদের কাছে যদি প্রাসঙ্গিক ও সুনির্দিষ্ট কিছু থাকে, তবে আমাদের জানান। আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একটি ঘটনাকে পরিপূর্ণভাবে বুঝতে হলে তার প্রেক্ষাপট বুঝতে পারাটা জরুরি। কারণ, প্রেক্ষাপট ছাড়া কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র ধরা পড়ে না।

জয়শঙ্কর কানাডায় সংঘবদ্ধ অপরাধ বেড়ে গেছে উল্লেখ করে বলেন, ‘আপনাদের মানতে হবে, বিগত কয়েক বছরে কানাডায় প্রকৃতপক্ষে প্রচুর সহিংসতা, চরমপন্থী কার্যক্রম ও সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি ঘটনাগুলো ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এসব বিষয়ে কানাডাকে বারবার বলেছি। আমরা তাদের সেই সব সংঘবদ্ধ অপরাধের মূল হোতাদের তথ্য দিয়েছি।’

জয়শঙ্কর আরও বলেন, ‘আমরা অনেক অপরাধীকে ফিরিয়ে আনতে কানাডার কাছে অনুরোধ জানিয়েছি। দেশটিতে অনেক চিহ্নিত সন্ত্রাসবাদী নেতা রয়েছে। সব মিলিয়ে আপনাদের বুঝতে হবে আসলে প্রকৃত ঘটনা কী?’ তিনি আরও বলেন, ‘সেখানে আসলে কী ঘটছে তা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কারণে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে, এসব ঘটনা কানাডার অনুমতি সাপেক্ষেই হয়েছে। তো আমাদের এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, যেখানে আমাদের কূটনীতিকদের হুমকি দেওয়া হচ্ছে, কনস্যুলেটে আক্রমণ করা হচ্ছে এমনকি মাঝে মাঝে দেশটি থেকে এমন মন্তব্যও আসছে, যা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।’

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন