https://www.prothomalony.com/
6615
north-america
আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট দাঁড়ালেন শ্রমিকদের সাথে রাজপথে। অটো শ্রমিকদের দাবী দাওয়ার সাথে একাত্মতা ঘোষণা করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ওয়ালস্ট্রিট নয়, শ্রমিক ও মধ্যবিত্তরাই আমেরিকা গড়ে তুলেছে।
দাবী দাওয়া নিয়ে আন্দোলন করছে ইউনাইটেড অটো ওয়ার্কারস ইউনিয়ন। আমেরিকার বড় বড় মটর কারখানায় শ্রমিক ধর্মঘট চলছে। প্রেসিডেন্ট জো বাইডেন ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সরাসরি দাঁড়ালেন আন্দোলনরত শ্রমিকদের পাশে। মিশিগানের ভেলেভিল এলাকায় জেনারেল মটরের স্থাপনার সামনে পিকেটং করা শ্রমিকদের সাথে স্লোগান দিলেন জো বাইডেন। ইউনাইটেড অটো ওয়ার্কারের প্রেসিডেন্ট শোন ফেইনকে পাশে দাঁড় করিয়ে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমেরিকার শ্রমিক ইউনিয়নই মধ্যবিত্তের সৃষ্টি করেছে। এ মধ্যবিত্তরাই আজকে আমেরিকা গড়েছে বলে তিনি উল্লেখ করেন।
অটো শ্রমিকদের মুহুর্মুহু করতালির মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আপনারা যে মজুরী পাচ্ছেন, তারচেয়ে বেশী পাওয়ার অধিকার আপনাদের। তিনি বলেন, এসব অটো শ্রমিকরাই ২০০৮ সালের মন্দায় আমেরিকার গাড়ি কারখানা শিল্পকে রক্ষা করেছে।
গাড়ি কারখানার শ্রমিকরা নিজেদের মজুরী বৃদ্ধি ও অন্যান্য সুবধা বৃদ্ধির জন্য ধর্মঘটে মেনেছেন। এসব দাবী দাওয়ার প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, শ্রমিকরা ত্যাগ করে আজকের এ পর্যায়ে এসেছে। তাদের ত্যাগের বিনিময়ের অর্জিত প্রাপ্য আদায়ের ব্যাপারে প্রেসিডেন্ট একাত্মতা ঘোষণা করেন।
ফোর্ড ও জেনারেল মটরের সাথে শ্রমিকদের দেন দরবার চলছে। শ্রমিকরা তাদের চাকুরীর নিরাপত্তাও দাবী করছেন। আমেরিকা জুড়ে ইলেকট্রিক গাড়ি উৎপাদন বেড়ে যাওয়ায় বহু পুরনো গাড়ি কারখানা শ্রমিক চাকুরী হারানোর ভয়ে আছেন। আন্দোলনরত শ্রমিকরা ইলেকট্রিক গাড়ির উৎপাদন বৃদ্ধির সাথে সাথে তাদের চাকুরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবী করছেন। আমেরিকার অন্যান্য কারখানা শ্রমিকের চেয়ে বেশী মজুরী ও সুবিধায় কাজ করা অটো শ্রমিকরা তাদের বর্তমান মজুরীর ৪০ শতাংশ বৃদ্ধি দাবী করছেন।
প্রেসিডেন্ট জো বাইডেন এ দাবীর প্রতি স্পষ্ট সমর্থন জানালেন। ইউনাইটেড অটো ওয়ার্কার ইউনিয়ন মিশিগানে তাদের ধর্মঘট শুরু কলেও এখন আমেরিকার ২৮টি রাজ্যের ৩৮টি স্থাপনায় তা বিস্তৃত করার ঘোষণা দিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পেরি বলেছেন, প্রেসিডেন্ট অটো ওয়ার্কারের পক্ষে এ ভাবে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক কাজ করেছেন। মিশিগানে যাওয়ার পর রাজ্যের লেফটেনেন্ট গভর্নর গারলিন গ্রিলকিস্ট, প্রতিনিধি পরিহশদের সদস্য রাশিদা তলাইব, ডেবি ডিঙ্গেল, শিরি তানেদার এবং শ্রমিক ইউনিয়নের নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারে মিশিগানে পৌছার কথা। তিনি তাঁর বক্তৃতায় ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি ব্যাপক আকারে উৎপাদনের মাধ্যমে শ্রমিকদের কর্মহীন করার সমালোচনা করে আসছেন। বাইডেন প্রশাসন নীতিগতভাবে ইলেক্ট্রিক গাড়ি উৎপাদনে প্রণোদনা প্রদান করছেন। মিশিগান রাজ্যে নির্বাচনে জয় পাওয়ার জন্য অটো ওয়ার্কার ইউনিয়নের সমর্থন প্রয়োজন উভয়ের জন্য। প্রেসিডেন্ট জো বাইডেন আন্দোলনরত শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করলেও তারা এখনই তাঁর পুনর্নিবাচনে অনুষ্ঠানিক সমর্থন জানায়নি।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন