https://www.prothomalony.com/
6510
north-america
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৭
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ১৮ সেপ্টেম্বর সোমবার এক বৈঠকে মিলিত হয়েছেন। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও জোর দিয়েছে যুক্তরাষ্ট্র, বৈঠকে আজরা জেয়া প্রসঙ্গটি আবারও তুলেছেন। আলোচনার পর আজরা জেয়া তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আজরা জেয়া ও মাসুদ বিন মোমেনের মধ্যে হওয়া ওই বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা প্রসঙ্গে আজরা জেয়া তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে আবার আলোচনার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি।’
রোহিঙ্গাদের পাশাপাশি তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আজরা জেয়া তাঁর এক্স পোস্টে উল্লেখ করেছেন। আগে গত জুলাই মাসে আজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর তিনিই যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করেন। ওই সফরকালে তিনি বাংলাদেশে শ্রম অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব পাচার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন