https://www.prothomalony.com/

18723

literature

সাহিত্য

নিউইয়র্কে প্রবাহের ২৩তম সাহিত্য সভা

কবি ফররুখ আহমদ ও আবুল হাসানকে স্মরণ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ০৩:১২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ২৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের দুই বিশিষ্ট কবি ফররুখ আহমদ ও আবুল হাসানকে স্মরণ করে আয়োজিত এ সভায় আলোচনা, স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে প্রাণবন্ত সাহিত্য আসর গড়ে ওঠে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে. এম. ফজলুল হক। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন কবি আবুল বাশার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সংগঠক সোহেল হামিদ।

সভায় বক্তব্য ও সাহিত্য পরিবেশনায় অংশ নেন টেলিভিশন উপস্থাপক ও বাচিকশিল্পী জি. এম. ফারুক খান, বাচিকশিল্পী এম. এ. সাদেক, কবি ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আজিজুর রহমান এবং কবি, ছড়াকার ও রম্যরচয়িতা মো. মোশাররফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন এইচ. এম. হোসেন, মোহাম্মদ আব্দুর রউফসহ আরও অনেকে।

আলোচনায় বক্তারা কবি ফররুখ আহমদের কাব্যপ্রতিভা, ইসলামী চেতনা ও স্বতন্ত্র সাহিত্যদর্শনের পাশাপাশি কবি আবুল হাসানের আধুনিক কাব্যভাষা, জীবনবোধ ও মানবিক অনুভূতির বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলা সাহিত্যে দুই কবির অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাঁরা।

জি. এম. ফারুক খান কবি আবুল হাসানের একটি কবিতা এবং ভবানীপ্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতা আবৃত্তি করেন। এম. এ. সাদেক কবি ফররুখ আহমদের সমাধিস্থল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কবি ফররুখ যথাযথ মূল্যায়ন ও মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন। পরে তিনি কবির বিখ্যাত ‘পাঞ্জেরী’ কবিতা আবৃত্তি করেন।

মো. মোশাররফ হোসেন বলেন, কবি ফররুখ আহমদ তাঁর নিজ গ্রামের পাশের গ্রামে জন্মগ্রহণ করেন। নিজের বিশ্বাস ও আদর্শে তিনি ছিলেন অবিচল। কোনো পরিস্থিতিতেই তিনি মাথা নত করেননি। এ সময় তিনি নিজের লেখা একটি কবিতা পাঠ করেন।

মোহাম্মদ আজিজুর রহমান বলেন, কবি ফররুখ কারও প্রতি আনুগত্য প্রকাশ না করে লেখনীর মাধ্যমে ইসলামী চিন্তা, চেতনা ও আদর্শ তুলে ধরেছেন। ‘লাশ’ কবিতাকে তিনি কবির অন্যতম অমর সৃষ্টি হিসেবে উল্লেখ করেন।

কবি আবুল বাশার ফররুখ আহমদকে ইসলামী পুনর্জাগরণের কবি হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, কবি আল মাহমুদও ফররুখ আহমদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে নিজের জীবনের বাঁক পরিবর্তনে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন।

অনুষ্ঠানের সঞ্চালক সোহেল হামিদ কবি আবুল হাসানকে ষাট ও সত্তরের দশকের অন্যতম সৃষ্টিশীল কবি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আবুল হাসানের কবিতা পাঠকের হৃদয়ে গভীর আলোড়ন সৃষ্টি করে। মাত্র ২৮ বছর বয়সে ১৯৭৫ সালের নভেম্বরে তাঁর অকালমৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি।

এ ছাড়া মোহাম্মদ আব্দুর রউফ কবি আবুল হাসানের ‘একলা বাতাস’ কবিতা পাঠ করেন। স্বরচিত কবিতা ও ছড়া পাঠ এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাহিত্য সভাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের এ আয়োজন ছিল তাৎপর্যপূর্ণ।

সাহিত্য থেকে আরো পড়ুন