https://www.prothomalony.com/
18698
north-america
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ২২:৩১
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটির সপ্তাহে দুই উপকূলেই আঘাত হানতে যাচ্ছে ঝড়। পূর্ব ও পশ্চিম উপকূলে ভারী বৃষ্টি, তীব্র বাতাস ও ভয়াবহ উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে। বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণ মৌসুমে এই আবহাওয়া লাখো মানুষের ছুটির পরিকল্পনা বিঘ্নিত করতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা।
পূর্ব উপকূলের ঝড়টি বুধবার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে গঠিত হবে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে বুধবার ও থ্যাংকসগিভিং দিবসে (বৃহস্পতিবার)।
দক্ষিণ ফ্লোরিডায় মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হতে পারে। বুধবার সকালের জোয়ারে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে বড় ধরনের বন্যার আশঙ্কা
রয়েছে; চেসাপিক উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় হালকা থেকে মাঝারি উপকূলীয় বন্যা হতে পারে। বুধবার রাতে ক্যারোলাইনা উপকূলজুড়ে মুষলধারে
বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইবে; দুই রাজ্যের কোথাও কোথাও আকস্মিক বন্যার ঝুঁকিতে গাড়ি চালানো বিপজ্জনক হয়ে উঠতে পারে। চার্লসটন থেকে নর্থ
ক্যারোলাইনার আউটার ব্যাংকস পর্যন্ত এলাকা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার ভোরে ওয়াশিংটন ডিসিতে শুরু হবে ভারী বৃষ্টি, যা প্রায় সারা দিন চলবে। বিকেলে বৃষ্টি পৌঁছাবে ফিলাডেলফিয়ায়, আর শেষ বিকেল বা
সন্ধ্যায় নিউইয়র্ক সিটিতে। ক্যারোলাইনা থেকে নিউইয়র্কের বড় বিমানবন্দরগুলো, এমনকি পশ্চিমে শিকাগো পর্যন্ত বুধবার শেষভাগে ও
থ্যাংকসগিভিংয়ের দিনে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে। আই-৯৫ করিডরে ব্যাপক আকস্মিক বন্যার আশঙ্কা কম হলেও বাতাসে ভেসে আসা বৃষ্টি ও সড়কে
জমা পানিতে যান চলাচল ধীর হয়ে পড়বে। ভার্জিনিয়া থেকে লং আইল্যান্ড পর্যন্ত বৃহস্পতিবারের প্রতিটি জোয়ারে হালকা থেকে মাঝারি উপকূলীয় বন্যা
হতে পারে।
নিউইয়র্কে বাতাসের কারণে ঝুঁকিতে পড়েছে মেসির থ্যাংকসগিভিং প্যারেডের শততম আয়োজনের বিশাল বেলুনগুলো। বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক এলাকায়
ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে দমকা বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরের নিয়ম অনুযায়ী, স্থায়ী বাতাসের বেগ ঘণ্টায় ২৩ মাইল বা দমকা
বাতাস ৩৪ মাইল ছাড়ালে বেলুনগুলো মাটিতে নামিয়ে রাখতে হয়। সকাল সাড়ে আটটা থেকে দুপুর পর্যন্ত চলা প্যারেডের সময় বাতাসের বেগ সেই সীমা
ছাড়ায় কি না, তা জানা যাবে সপ্তাহের মাঝামাঝি। অন্যদিকে বস্টনে থ্যাংকসগিভিংয়ের দিনটি থাকবে বাতাসসহ মূলত শুষ্ক; বৃষ্টি আসবে
বৃহস্পতিবার রাতে।
পশ্চিম উপকূলে সোমবার থেকেই প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম উপকূলের কাছে ঘূর্ণায়মান শক্তিশালী ঝড়ের সঙ্গে যোগ হয়েছে বছরের সর্বোচ্চ
জোয়ার 'কিং টাইড'। মঙ্গলবার থেকে থ্যাংকসগিভিং পর্যন্ত সর্বোচ্চ জোয়ার থাকবে; কোথাও কোথাও তা রেকর্ড ছুঁতে পারে। জাতীয় আবহাওয়া সেবার
পূর্বাভাস অনুযায়ী, সান ফ্রান্সিসকো উপসাগরে পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ২.৮ ফুট পর্যন্ত উঠতে পারে, যা ১৯৮৩ সালের রেকর্ডের
কাছাকাছি। সবচেয়ে বড় ঝুঁকি বুধবার সকালের জোয়ারে। থ্যাংকসগিভিং পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি রয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়র
ড্যানিয়েল লুরি বুধবার বিকেল পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। উপসাগরের পাড়ে নিম্নভূমিতে অবস্থিত সান ফ্রান্সিসকো
ও ওকল্যান্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ জোয়ারের জন্য তারা প্রস্তুত। থ্যাংকসগিভিংয়ের দিনে পশ্চিম উপকূলে আরও একটি ঝড় ঢুকবে;
ওয়াশিংটন ও পশ্চিম ওরেগনে ভারী বৃষ্টি এবং ক্যাসকেড পর্বতমালায় তুষারপাত হতে পারে।
উল্লেখ্য, পূর্ব উপকূলে এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ঝড়। গত সপ্তাহের প্রথম ঝড়টি ফ্লোরিডার আটলান্টিক উপকূলে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছিল;
সেখানকার ফুলে ওঠা নদীগুলোর পানি নামতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সোমবার জানিয়েছেন, ফেডারেল সহায়তা
পেতে রাজ্য সরকার অতিরিক্ত বড় দুর্যোগ ঘোষণার আবেদন করেছে।
সূত্র: সিএনএন
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন