https://www.prothomalony.com/

18678

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের পূজা পুনর্মিলনী

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬ ০৮:০৭

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা পরবর্তী পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘সম্প্রীতির বন্ধনে’ শীর্ষক এ আয়োজনে কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গত ১১ নভেম্বর (বুধবার) আটলান্টিক সিটির ২৭২১ আর্কটিক অ্যাভিনিউতে অবস্থিত বেঙ্গল ক্লাব ভবনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিল সুধী সমাবেশ, শারদ শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্প্রীতি আড্ডা এবং পূজার ঐতিহ্যবাহী খাবার পরিবেশন। আয়োজনে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।

আয়োজকেরা জানান, দুর্গাপূজার মধ্য দিয়ে যে আনন্দ, সম্প্রীতি ও ঐক্যের চেতনা তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন জোরদার করতেও এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির, সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ, পুনর্মিলনী আয়োজন কমিটির চেয়ারম্যান জয়দেব কর্মকার, আহ্বায়ক মৃদুল চক্রবর্তী এবং সমন্বয়ক বাদল বাড়ৈ ও অপরাজিতা সরকার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেছিলেন, আটলান্টিক সিটির বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এ আয়োজন সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন