https://www.prothomalony.com/

18643

new-york

নিউইয়র্ক

ওয়াল স্ট্রিট নির্ভর রাজস্বে ভর করে নিউইয়র্কের বাজেট বাড়ল ৩ বিলিয়ন ডলার

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ০৪:০৪

ওয়াল স্ট্রিটের শক্তিশালী শেয়ারবাজারের কারণে অতিরিক্ত কর রাজস্ব পাওয়ায় নিউইয়র্ক সিটির বাজেট বেড়েছে প্রায় ৩ বিলিয়ন ডলার। মেয়র জোহরান মামদানির প্রশাসন চলতি ২০২৭ অর্থবছরের জন্য ১২৯ দশমিক ২ বিলিয়ন ডলারের সংশোধিত বাজেট ঘোষণা করেছে। তবে ভবিষ্যতে শেয়ারবাজারে মন্দা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিনিয়োগের সম্ভাব্য ধসের আশঙ্কায় বাজেটের অর্থ সঞ্চয় ও ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন অর্থনৈতিক পর্যবেক্ষকেরা।

গত ১২ নভেম্বর প্রকাশিত নভেম্বর বাজেট সংশোধনীতে দেখা যায়, জুনে অনুমোদিত বাজেটের তুলনায় ব্যয় প্রায় ৩ বিলিয়ন ডলার বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কর আদায় প্রত্যাশার চেয়ে প্রায় ১ বিলিয়ন ডলার বেশি হয়েছে।

প্রশাসনের দাবি, স্বাস্থ্য, নিরাপত্তা ও জনকল্যাণমূলক সেবা নিশ্চিত করার পাশাপাশি ফেডারেল সরকারের কাটছাঁটের কারণে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) পরিচালনায় বাড়তি প্রশাসনিক ব্যয় এবং কিশোর অপরাধীদের সংশোধনাগারের জন্য নতুন অর্থ বরাদ্দ করা হয়েছে।

মামদানি বলেছেন, নগরবাসীর প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় সাশ্রয়ের পরিকল্পনা বাস্তবায়ন করছে তার প্রশাসন, যাতে শহরের আর্থিক ভিত্তি দীর্ঘমেয়াদে শক্তিশালী হয়।

তবে নগর ও অঙ্গরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এবং সিটিজেনস বাজেট কমিশন বাজেট নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। তাদের আশঙ্কা, ওয়াল স্ট্রিটের রাজস্ব প্রবৃদ্ধির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে নিউইয়র্কের আর্থিক ঝুঁকি বাড়াতে পারে। আগামী অর্থবছরগুলোতে শহরটির বাজেটে ৬ থেকে ৯ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্ক সিটির কম্পট্রোলার মার্ক লেভিন বলেন, শহরের বাজেট অনেকাংশে ওয়াল স্ট্রিটের উত্থানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রথম প্রান্তিকে প্রত্যাশার চেয়ে প্রায় ১ বিলিয়ন ডলার বেশি কর আদায় হলেও ২০২৮ অর্থবছরে বাজেট ঘাটতি ৬ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তাই দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার জন্য আরও সাশ্রয়ী পদক্ষেপ প্রয়োজন।

অঙ্গরাজ্যের কম্পট্রোলার টম ডিনাপোলিও সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক বিনিয়োগের কারণে শেয়ারবাজারে যে প্রবৃদ্ধি তৈরি হয়েছে, তা অস্থির হতে পারে। বাজারে বড় ধরনের পতন হলে কর রাজস্বও কমে যেতে পারে।

সিটিজেনস বাজেট কমিশনের প্রেসিডেন্ট অ্যান্ড্রু রেইনও ব্যয় সংকোচনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। মামদানি প্রশাসন চলতি বছরের শুরুতে নগর সরকারের মোট ব্যয়ের ২ দশমিক ৫ শতাংশ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল, যার পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। কিন্তু আগামী অর্থবছরের জন্য এখন পর্যন্ত মাত্র ২৫০ মিলিয়ন ডলারের সাশ্রয় চিহ্নিত করা হয়েছে।

রেইনের মতে, নির্ধারিত লক্ষ্যের তুলনায় সাশ্রয়ের উদ্যোগ অনেক কম। এর মধ্যে মাত্র এক-চতুর্থাংশ পদক্ষেপ সরকারি কার্যক্রমের দক্ষতা বাড়ানোর সঙ্গে সম্পর্কিত। তার মতে, সেবার মান অক্ষুণ্ন রেখে ব্যয় কমাতে সরকারি ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন