https://www.prothomalony.com/
18604
north-america
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ০৪:৩৯
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত কথিত গণহত্যার অভিযোগে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার আদালতের এ সিদ্ধান্তের কথা জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় এই রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
আদালতের চূড়ান্ত রায়ের আগে মামলার গুরুত্বপূর্ণ আইনি ও মানবিক বিষয়গুলো তুলে ধরে একটি প্রশ্নোত্তরভিত্তিক (Q&A) বিশ্লেষণ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, এই মামলার মাধ্যমে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর পরিচালিত সামরিক অভিযানের দায় আন্তর্জাতিক আইনের আলোকে নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে।
২০১৭ সালের আগস্টে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। সহিংসতা ও নিপীড়নের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।
এই ঘটনাকে কেন্দ্র করে ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করে। গাম্বিয়ার অভিযোগ, রোহিঙ্গাদের ওপর পরিচালিত নৃশংসতা ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের লঙ্ঘন এবং এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল। মামলাটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি বিচার নয়। বরং আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সনদের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য মিয়ানমার রাষ্ট্রের দায় রয়েছে কি না, সে বিষয়ে আদালতের আইনি সিদ্ধান্ত চাওয়া হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি বলেন, রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় ন্যায়বিচারের জন্য রোহিঙ্গাদের দীর্ঘ সংগ্রামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এই রায় বিশ্বকে আরও একবার স্মরণ করিয়ে দেবে যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনো অব্যাহত রয়েছে। মানবাধিকারকে সম্মান করে এমন দেশগুলোর উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে, সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করতে এবং তাঁদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ নেওয়া।
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর ঘোষিতব্য রায়টি হবে চূড়ান্ত। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। এর মধ্য দিয়ে গাম্বিয়া ও মিয়ানমারের মধ্যকার এই মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘটবে। তবে আদালতের রায় রোহিঙ্গাদের বাস্তব জীবনে কতটা পরিবর্তন আনবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সহযোগিতা, আন্তর্জাতিক চাপ এবং রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের ওপর।
বাংলাদেশের জন্যও এই রায়ের গুরুত্ব বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ ২০১৭ সালের সহিংসতার পর পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছেন। তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রশ্নটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন