https://www.prothomalony.com/
18602
north-america
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ২৩:৩৬
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নেপালি বংশোদ্ভূত নার্স মমতা কাফলে ভাট্ট হত্যা মামলায় তাঁর স্বামী নরেশ ভাট্টকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করেছে জুরি। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে প্রায় চার ঘণ্টার বেশি আলোচনার পর সর্বসম্মতভাবে এ রায় দেন আট নারী ও চার পুরুষ সদস্যের জুরি বোর্ড।
নরেশ ভাট্টকে প্রথম মাত্রার হত্যা, মরদেহ গোপন এবং মরদেহের অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী ১২ মার্চ ২০২৭ তাঁর সাজা ঘোষণা করা হবে। প্রথম মাত্রার হত্যার দায়ে ভার্জিনিয়ার আইনে তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে।
মমতার মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। অথচ বিচার চলাকালে তাঁর স্বামী নিজেই আদালতে স্বীকার করেছেন, মমতাকে মৃত অবস্থায় পাওয়ার পর তিনি করাত দিয়ে তাঁর মরদেহ টুকরো করেন এবং বিভিন্ন স্থানে ফেলে দেন। তবে হত্যার অভিযোগ অস্বীকার করে তাঁর দাবি ছিল, মমতা আত্মহত্যা করেছিলেন। জুরি তাঁর সেই বক্তব্য গ্রহণ করেননি।
মমতা কাফলে ভাট্টের জন্ম নেপালে। ভারতের বেঙ্গালুরুতে নার্সিং পড়াশোনা শেষ করে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। ভার্জিনিয়ার ম্যানাসাস পার্কে UVA Health Prince William Medical Center-এ নার্স হিসেবে কাজ করতেন। স্বামী নরেশ ভাট্টের সঙ্গে তাঁদের সংসারে ছিল একমাত্র মেয়ে নীমা। মমতা নিখোঁজ হওয়ার সময় শিশুটির বয়স ছিল মাত্র এক বছর।
২০২৪ সালের ২৭ জুলাই কর্মস্থলে মমতাকে শেষবার দেখা যায়। ২৯ জুলাই নেপালে থাকা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। এরপর ১ আগস্ট কর্মস্থলে অনুপস্থিত থাকায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পুলিশ তাঁদের বাসায় গেলেও নরেশ প্রথম দিকে স্ত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। ৫ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে নিখোঁজের রিপোর্ট করেন।
২২ আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রথমে মরদেহ গোপনের অভিযোগ আনা হলেও পরে তদন্তের ভিত্তিতে হত্যা ও মরদেহের অবমাননার অভিযোগ যুক্ত হয়। ২০২৪ সালের ডিসেম্বরে গ্র্যান্ড জুরি তাঁকে প্রথম মাত্রার হত্যা ও মরদেহের অবমাননার অভিযোগে অভিযুক্ত করে। এরপর থেকে তিনি আটক ছিলেন।
ম্যানাসাসের প্রিন্স উইলিয়াম কাউন্টি আদালতে ৫ অক্টোবর জুরি নির্বাচন দিয়ে বিচার শুরু হয়। কয়েক সপ্তাহ ধরে চলে সাক্ষ্যগ্রহণ। রাষ্ট্রপক্ষ প্রায় ১০০ জন সাক্ষী এবং প্রায় ৫০০ টি প্রদর্শনী আদালতে উপস্থাপনের কথা জানায়।
প্রসিকিউশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত ছিল মমতাদের বাসা থেকে উদ্ধার করা একটি পাওয়ার করাত। পরীক্ষায় করাতের ভেতরে মামতার ডিএনএর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নমুনা পাওয়ার কথা আদালতে তুলে ধরা হয়। বাসার মেঝে ও কার্পেটে রক্তের দাগ, নরেশের ইন্টারনেট অনুসন্ধানের ইতিহাস, ফোন ও গাড়ির অবস্থানসংক্রান্ত তথ্য এবং বিভিন্ন স্থানের নজরদারি ক্যামেরার ফুটেজও উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
নজরদারি ক্যামেরার ফুটেজে নরেশকে বিভিন্ন স্থানে ময়লার ব্যাগ ফেলতে দেখা যায় বলে প্রসিকিউশনের দাবি। এসব আলামতের ভিত্তিতে রাষ্ট্রপক্ষের বক্তব্য ছিল, মমতাকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো করে বিভিন্ন ময়লার স্থানে ফেলে দেওয়া হয়।
তবে মামলার সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে নরেশ নিজেই সাক্ষ্য দিতে দাঁড়ানোর পর। তিনি আদালতে স্বীকার করেন, শোবার ঘরের মেঝেতে মমতাকে নিথর অবস্থায় পাওয়ার পর তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। পরে আতঙ্কিত হয়ে করাত দিয়ে মরদেহ টুকরো করেন এবং ময়লার ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেন। তাঁর দাবি, মমতা সেলফস নামের কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছিলেন। তিনি হত্যার অভিযোগ অস্বীকার করেন।
বিচারের শেষ পর্যায়ে মমতার সহকর্মী ও ঘনিষ্ঠ বান্ধবী সুনীতা বাসনেত থাপা সাক্ষ্য দেন। তিনি মমতাকে নিজের আবেগের মেয়ে বলে বর্ণনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে মমতার মুখে কালশিটে দেখে জানতে চাইলে প্রথমে তিনি পড়ে যাওয়ার কথা বলেছিলেন। পরে স্বামীর শারীরিক নির্যাতনের কথা জানান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতেও মমতা তাঁকে চুল টানা ও চিমটি কাটার মত নির্যাতনের কথা বলেছিলেন বলে থাপা আদালতে জানান। থাপার ভাষ্য, মমতা কখনো আত্মহত্যার ইচ্ছার কথা বলেননি। তিনি মেয়েকে ছেড়ে চলে যাওয়ার মানুষ ছিলেন না।
রাষ্ট্রপক্ষের সিনিয়র সহকারী কমনওয়েলথ অ্যাটর্নি সারাহ সামি বলেন, সাক্ষ্য, ফরেনসিক তথ্য ও অন্যান্য আলামত মিলিয়ে নরেশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁর বক্তব্য ছিল, নরেশের নিজের সাক্ষ্যেও এমন অসংগতি ছিল, যা তাঁর বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অন্যদিকে প্রধান পাবলিক ডিফেন্ডার ট্রেসি লেনক্সের যুক্তি ছিল, রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে হত্যার অভিযোগ প্রমাণ করতে পারেনি। নরেশ আদালতে সত্য বলেছেন এবং মমতার মৃত্যু আত্মহত্যা হতে পারে—এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার সকালে শেষ পর্যায়ের সাক্ষ্য ও আইনি বিতর্কের পর বিচারক কিমবার্লি আরভিং জুরিদের নির্দেশনা দেন। দুপুর ১২টা ৫৬ মিনিটে তাঁরা আলোচনার জন্য আদালতকক্ষ ত্যাগ করেন। বিকেল পাঁচটার দিকে রায় ঘোষণা করা হয়। রায়ের পর প্রিন্স উইলিয়াম কাউন্টির কমনওয়েলথ অ্যাটর্নি অ্যামি অ্যাশওয়ার্থ এক বিবৃতিতে বলেন, মমতার জীবন নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। তাঁর পরিবার দুই বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। এই রায় তাদের ন্যায়বিচার পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মামলার সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো, হত্যার দায়ে স্বামী দোষী সাব্যস্ত হলেও মামতার মরদেহ এখনো পাওয়া যায়নি। তাঁর পরিবার জানে না, কোথায় শায়িত আছেন তাঁদের মেয়ে। শেষ বিদায় জানানো কিংবা ধর্মীয় রীতিতে শেষকৃত্য সম্পন্ন করার সুযোগও পায়নি তারা। যে শিশুটির মা নিখোঁজ হয়েছিলেন, তার বাবাই এখন মায়ের হত্যার দায়ে দোষী সাব্যস্ত। নরেশের সাজা ঘোষণা হবে আগামী বছরের ১২ মার্চ। কিন্তু মমতার মরদেহের সন্ধান এবং পরিবারের দীর্ঘদিন অপেক্ষার অবসান—সেই প্রশ্ন এখনো রয়ে গেছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন