https://www.prothomalony.com/
18320
north-america
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ ০৬:৩২
আয়ারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের দূতাবাস। বৃহস্পতিবার (১ অক্টোবর) ডাবলিনের বলসব্রিজ কূটনৈতিক এলাকায় আলেকজান্দ্রা হাউসে অস্থায়ী দূতাবাস কার্যালয় থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হিসেবে দূতাবাস প্রতিষ্ঠাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। নতুন এই মিশনের মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
আয়ারল্যান্ডে বাংলাদেশের মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম মিশনের দায়িত্বভার গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তাঁর পরিচয়পত্র পেশ করবেন বলে জানা গেছে।
বর্তমানে আয়ারল্যান্ডে আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। দূতাবাস চালুর ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে সরকারের যোগাযোগ আরও সহজ হবে এবং বিভিন্ন কনস্যুলার সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।
দূতাবাস সূত্র জানিয়েছে, বাংলাদেশি নাগরিকসহ অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা চালুর প্রস্তুতি চলছে। এসব সেবা চালুর নির্দিষ্ট তারিখ ও আবেদন প্রক্রিয়া পর্যায়ক্রমে জানানো হবে।
এদিকে বৃহস্পতিবার ‘ডাবলিনে বাংলাদেশ দূতাবাস’ নামে দূতাবাসের আনুষ্ঠানিক ওয়েবসাইটও চালু করা হয়েছে। কনস্যুলার সেবা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের জন্য সংশ্লিষ্টদের দূতাবাসের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের স্থায়ী কার্যালয় স্থাপনের জন্যও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে। আয়ারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন