https://www.prothomalony.com/

18294

north-america

উত্তর আমেরিকা

টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২৭

নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য মহালয়া ও দুর্গোৎসব। আগামী ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছে মহালয়ার চণ্ডীপাঠ, শিশু-কিশোরদের গীতাপাঠ, সংগীত ও নৃত্যানুষ্ঠান, পূজা-অর্চনা, অঞ্জলি, ধুনুচি নাচ এবং দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।

এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ও সংগঠনের উপদেষ্টা অশোক রক্ষিত, নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও, সভাপতি শশধর হাওলাদার, সাধারণ সম্পাদক নিরুপমা সাহা, বেদান্ত সোসাইটির সভাপতি রিনা সাহা, আড্ডা একাডেমির প্রধান পরিচালক আলপনা গুহ, আয়োজক কমিটির কর্মকর্তা অনুপম দও, রোহান রাওয়াত ও সোমা মুখার্জি।

এ ছাড়া সংগীত সাধনা একাডেমির প্রধান পরিচালক মালবিকা চ্যাটার্জি, নৃত্যাঞ্জলি একাডেমির প্রধান পরিচালক চন্দ্রা ব্যানার্জী এবং পূজার পুরোহিত প্রবাস চক্রবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংগঠনের সভাপতি শশধর হাওলাদার জানান, টাইমস স্কয়ারে দ্বিতীয়বারের মতো দুর্গোৎসব আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় সত্যম রায় চৌধুরীর চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার অনুষ্ঠান শুরু হবে। এরপর নিউইয়র্কে বেড়ে ওঠা শিশু-কিশোরদের কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হবে। গীতাপাঠ পরিচালনা করবেন সুতিপা চৌধুরী।

এরপর মালবিকা চ্যাটার্জির পরিচালনায় সংগীত সাধনা একাডেমির উদ্বোধনী সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। চন্দ্রা ব্যানার্জীর পরিচালনায় নৃত্যাঞ্জলির ৬০ জনের বেশি শিল্পী নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি বাফা ও আড্ডার শিল্পীরাও অংশ নেবেন।

প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশ ও নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব এবং পশ্চিমবঙ্গের শিল্পী মেঘলা দাশ গুপ্ত সংগীত পরিবেশন করবেন।

দ্বিতীয় দিন ১১ অক্টোবর রবিবার সকাল ১০টায় দুর্গাপূজা শুরু হবে। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে অঞ্জলি। এদিন নৃত্যাঞ্জলির শিল্পীদের পরিবেশনায় বিশেষ ধুনুচি নাচ থাকবে। পশ্চিমবঙ্গের শিল্পী দিয়াসিনী রায়ের পরিবেশনার পাশাপাশি জোজো মুখার্জি ও তাঁর ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে। অতিথি শিল্পী হিসেবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানান সাধারণ সম্পাদক নিরুপমা সাহা।

নিরুপমা সাহা উৎসব সফল করতে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সংগঠনের উপদেষ্টা অশোক রক্ষিত বলেন, টাইমস স্কয়ারের এ দুর্গোৎসব ইতোমধ্যে বিশ্ব বাঙালির অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। তিনি উৎসবে সবার অংশগ্রহণের আহ্বান জানান।

নিউইয়র্ক বাংলাদেশ হিন্দু কমিউনিটির সমাজসেবক নবেন্দু দও বলেন, নব্বই দশকের শুরুতে নিউইয়র্কে বাংলাদেশি হিন্দুদের দুর্গাপূজা শুরু হয়। সে সময় বাংলাদেশি হিন্দুরা পশ্চিমবঙ্গের বাঙালিদের আয়োজিত পূজায় অংশ নিতেন। তবে টাইমস স্কয়ারে দুর্গোৎসব শুরু হওয়ার পর এটি বিভিন্ন প্রজন্মের বাঙালির মিলন ও আনন্দের অন্যতম আয়োজনে পরিণত হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দুই দিনব্যাপী এ উৎসবের মধ্য দিয়ে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন প্রজন্মের বাঙালির সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে টাইমস স্কয়ারের এ আয়োজনের মাধ্যমে বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতি ও দুর্গোৎসবের ঐতিহ্য আরও ব্যাপকভাবে তুলে ধরা হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন