https://www.prothomalony.com/
18293
north-america
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:২২
যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট ডাউনটাউনের হান্টিংটন সেন্টারে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের (আবিয়া) তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী, স্থপতি, শিক্ষক, গবেষক ও কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে আটজনকে সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে ভূমিকা রাখার পাশাপাশি বাংলাদেশের সক্ষমতা ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছেন।
(3).png)
আবিয়ার সেক্রেটারি সাদেক রহমান ও মিশিগান চ্যাপ্টারের নেতারা জানান, এবারের সম্মেলনে সাত শতাধিক প্রকৌশলী ও স্থপতি অংশ নেন। তাদের ভাষ্য, এ আয়োজন পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও গবেষণা সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রেখেছে।
কীনোট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগানের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল, মিশিগান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেগান কে কাভানা, জেনারেল মোটরসের যানবাহন স্বয়ংক্রিয়তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট রাশেদ হক এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান।
নৈশভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল সংগীত পরিবেশন করেন।
২৫ সেপ্টেম্বর শুক্রবার শুরু হওয়া সম্মেলনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর রবিবার ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে সূর্যাস্তের সময় নৌভ্রমণ, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী সম্মেলনের সমাপ্তি ঘটে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন