https://www.prothomalony.com/

18292

bangladesh

বাংলাদেশ

বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব জ্বালানি সম্মেলনে

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৩

লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব জ্বালানি সম্মেলনের কৌশলগত মঞ্চে আয়োজিত মন্ত্রী পর্যায়ের অধিবেশনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরের অফশোর সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে দেশে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। এ চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে।

তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেওয়ার আহ্বান জানান। এই দরপত্র আহ্বানের আওতায় বঙ্গোপসাগরের ১১টি অগভীর সমুদ্র ও ১৫টি গভীর সমুদ্র ব্লকসহ মোট ২৬টি ব্লক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সম্মেলনে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বিনিয়োগের ইতিবাচক প্রবাহ এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের বিভিন্ন সহায়ক নীতির কথা তুলে ধরেন।

উপস্থাপনায় বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত অফশোর সম্ভাবনা, আধুনিক ভূকম্পন জরিপের তথ্যের সহজলভ্যতা এবং ‘অফশোর মডেল উৎপাদন অংশীদারত্ব চুক্তি ২০২৬’-এর বিভিন্ন বাণিজ্যিক শর্ত তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রতিনিধিদল আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে দেশের ভূতাত্ত্বিক ও ভূকম্পন জরিপের তথ্য পর্যালোচনার আহ্বান জানায়। পাশাপাশি চলমান দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে সরাসরি যোগাযোগের অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ থেকে আরো পড়ুন