https://www.prothomalony.com/

18287

north-america

উত্তর আমেরিকা

প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনের মতবিনিময়

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য এম ইকবাল হোসেইন নিউইয়র্কে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি হোটেলের লবিতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্ক সফররত প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি, তাঁর দায়িত্ব ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

মতবিনিময়ে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, শরণার্থীদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং সংকট মোকাবিলায় বাংলাদেশের দায়িত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন বলেও আলোচনায় উঠে আসে।

সম্প্রতি নিউইয়র্কে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আলোচনায়ও প্রধান অতিথি হিসেবে অংশ নেন এম ইকবাল হোসেইন। ওই আলোচনায় রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং ক্যাম্পে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

এম ইকবাল হোসেইন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৩ আসন থেকে নির্বাচিত হন।

নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

মতবিনিময়ে প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, নির্বাহী সম্পাদক মনজুরুল হক, রোকেয়া দীপা, সায়ান সিদ্দীক ও রাশিদা আখতার উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও কর্মকর্তারা অবস্থান করছেন। এ সময় রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের বিভিন্ন স্বার্থ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য বহুমুখী প্রয়াস ও পদক্ষেপ গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রীর ঐকান্তিক নির্দেশনায় তিনি রোহিঙ্গা সমস্যা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর চলমান অবস্থা থেকে উত্তরণের জন্য সরাসরি কাজ করছেন এবং এ কাজে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন