https://www.prothomalony.com/
18286
north-america
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৩০
হন্ডুরাস থেকে যাত্রা শুরু করা ছয় শতাধিক অভিবাসীর একটি কাফেলা মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের দিকে এগিয়ে আসছে। 'ফে ই এসপেরানসা' অর্থাৎ 'বিশ্বাস ও আশা' নামের এই কাফেলার গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রল ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)।
গত ২০ সেপ্টেম্বর হন্ডুরাসের সান পেদ্রো সুলা শহর থেকে ২০০ থেকে ৪০০ অভিবাসী যাত্রা শুরু করেন। পথে আরও অনেকে যোগ দেওয়ায় কাফেলার সদস্যসংখ্যা এখন ৬০০ ছাড়িয়েছে। ২৪ সেপ্টেম্বর তারা মেক্সিকোতে প্রবেশ করে এবং সপ্তাহান্তে চিয়াপাস রাজ্যের তাপাচুলা শহর ছেড়ে ওয়াখাকার দিকে রওনা হয়। কাফেলায় হন্ডুরাস ছাড়াও এল সালভাদর, গুয়াতেমালা, ইকুয়েডর ও হাইতির নাগরিক রয়েছেন।

কাফেলার উদ্দেশে কড়া বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, "তোমাদের আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।" অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে আটক, মামলা ও বহিষ্কারের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ডিএইচএস।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিএইচএসের তথ্য অনুযায়ী, গত আগস্টে দক্ষিণ-পশ্চিম সীমান্তে মাত্র ৮ হাজার ৮৭০ জনকে আটক করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময়কার মাসিক গড়ের চেয়ে ৯৪ শতাংশ কম। টানা ১৬ মাস ধরে কোনো অভিবাসীকে যুক্তরাষ্ট্রের ভেতরে ছেড়ে দেওয়া হয়নি বলেও দাবি করেছে সংস্থাটি।
অভিবাসীদের বেশির ভাগই বলছেন, অর্থনৈতিক দুর্দশা থেকে বাঁচতেই তারা এই ঝুঁকিপূর্ণ যাত্রায় নেমেছেন। মানব পাচারকারীদের খপ্পরে না পড়ে নিরাপদে পথ চলতেই অনেকে দল বেঁধেছেন বলে জানিয়েছেন।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেই কাফেলাটি সীমান্তে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এই সময়সূচিই ঘটনাটিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে, এ ধরনের কাফেলার সবাই সীমান্ত পর্যন্ত পৌঁছাতে পারে না — পথে অনেকেই মেক্সিকোতে থেকে যান অথবা কর্তৃপক্ষের হাতে আটক হন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন