https://www.prothomalony.com/

18299

north-america

উত্তর আমেরিকা

১ অক্টোবর থেকে বাড়ছে ফুড স্ট্যাম্পের বরাদ্দ, চার সদস্যের পরিবার পাবে সর্বোচ্চ ১,০২৩ ডলার

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ০১:৪৫

যুক্তরাষ্ট্রে ফুড স্ট্যাম্প নামে পরিচিত Supplemental Nutrition Assistance Program (SNAP)-এর নতুন বরাদ্দ ও আয়সীমা ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। নতুন নিয়মে ৪৮টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এক সদস্যের পরিবারের সর্বোচ্চ মাসিক SNAP সুবিধা ২৯৮ ডলার থেকে বেড়ে ৩০৬ ডলার এবং চার সদস্যের পরিবারের সর্বোচ্চ বরাদ্দ ৯৯৪ ডলার থেকে বেড়ে ১ হাজার ২৩ ডলার হবে।

নতুন এই হার ২০২৭ অর্থবছরের জন্য নির্ধারণ করা হয়েছে এবং ১ অক্টোবর ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

নতুন হিসাবে দুই সদস্যের পরিবারের সর্বোচ্চ মাসিক বরাদ্দ হবে ৫৬২ ডলার এবং তিন সদস্যের পরিবারের ৮০৮ ডলার। পাঁচ সদস্যের পরিবার সর্বোচ্চ ১ হাজার ২১৭ ডলার এবং ছয় সদস্যের পরিবার ১ হাজার ৪৬৩ ডলার পর্যন্ত পেতে পারে। আট সদস্যের পরিবারের সর্বোচ্চ বরাদ্দ হবে ১ হাজার ৮৪১ ডলার। আটজনের বেশি হলে অতিরিক্ত প্রত্যেক সদস্যের জন্য আরও ২২৫ ডলার করে যোগ হবে।

তবে এসব অঙ্ক সর্বোচ্চ বরাদ্দ। প্রত্যেক যোগ্য পরিবার স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ অর্থ পাবে না। পরিবারের আয়, সদস্যসংখ্যা এবং অনুমোদিত বিভিন্ন ছাড় ও খরচের হিসাবের ভিত্তিতে প্রকৃত SNAP সুবিধা নির্ধারিত হয়।

নতুন অর্থবছরে SNAP পাওয়ার ক্ষেত্রে ফেডারেল আয়ের মানদণ্ডও পরিবর্তন হচ্ছে। ৪৮টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এক সদস্যের পরিবারের মাসিক মোট আয়ের সীমা ১ হাজার ৭২৯ ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য ৩ হাজার ৫৭৫ ডলার নির্ধারণ করা হয়েছে।

নিট মাসিক আয়ের মানদণ্ড এক সদস্যের জন্য ১ হাজার ৩৩০ ডলার এবং চার সদস্যের পরিবারের জন্য ২ হাজার ৭৫০ ডলার। তবে SNAP-এর যোগ্যতা নির্ধারণে রাজ্যভেদে কিছু অতিরিক্ত নিয়ম ও ব্যতিক্রম থাকতে পারে।

সম্পদের সীমাও নতুন অর্থবছরে নির্ধারিত হয়েছে। সাধারণ পরিবারের জন্য গণনাযোগ্য সম্পদের সীমা ৩ হাজার ডলার। পরিবারের কোনো সদস্যের বয়স ৬০ বছর বা তার বেশি হলে অথবা কেউ প্রতিবন্ধী হলে সীমা ৪ হাজার ৭৫০ ডলার।

এক ও দুই সদস্যের যোগ্য পরিবারের জন্য ন্যূনতম মাসিক SNAP সুবিধা ২৪ ডলার থেকে বেড়ে ২৫ ডলার হবে।

নিউইয়র্ক, নিউজার্সি ও মিশিগানসহ ৪৮টি সংলগ্ন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসি একই ফেডারেল সর্বোচ্চ SNAP বরাদ্দ কাঠামোর আওতায় রয়েছে। ফলে এসব এলাকায় বসবাসকারী যোগ্য বাংলাদেশি পরিবারগুলোর ক্ষেত্রেও নতুন সর্বোচ্চ বরাদ্দ কার্যকর হবে।

তবে কোনো পরিবার বাস্তবে কত SNAP সুবিধা পাবে, তা শুধু পরিবারের সদস্যসংখ্যার ওপর নির্ভর করে না। আয় ও অনুমোদিত খরচের হিসাবের পর প্রকৃত সুবিধার পরিমাণ নির্ধারিত হয়। তাই চার সদস্যের পরিবার মানেই প্রতি মাসে ১ হাজার ২৩ ডলার পাওয়া যাবে—এমন নয়।

SNAP-এর নতুন হিসাবের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ফেডারেল পর্যায়ে কর্মসংস্থান ও যোগ্যতার কিছু নিয়মেও পরিবর্তন এসেছে। ফলে নতুন করে আবেদন বা সুবিধা নবায়নের আগে সংশ্লিষ্ট রাজ্যের সরকারি SNAP দপ্তর থেকে সর্বশেষ যোগ্যতার শর্ত জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

অভিবাসন মর্যাদা, পরিবারের সদস্যের বয়স, আয় এবং অন্যান্য পরিস্থিতির ওপর যোগ্যতার নিয়ম ভিন্ন হতে পারে। তাই নতুন আবেদন বা নবায়নের ক্ষেত্রে নিজ রাজ্যের সরকারি দপ্তর অথবা নির্ভরযোগ্য আইনি সহায়তা সংস্থার কাছ থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন