https://www.prothomalony.com/

18154

new-york

নিউইয়র্ক

অভিবাসীদের সরকারি সুবিধা নিয়ে ট্রাম্পের নীতির বিরুদ্ধে নিউইয়র্কের মামলা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৭

সরকারি সুবিধা নেওয়া অভিবাসীদের গ্রিন কার্ড ও ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হতে পারে—ট্রাম্প প্রশাসনের এমন নীতির বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক সিটি ও নিউইয়র্ক অঙ্গরাজ্য।

নতুন ‘পাবলিক চার্জ’ নীতিটি আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। নীতিটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন করা কোনো ব্যক্তি ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কি না, তা বিবেচনায় নিতে পারবেন অভিবাসন কর্মকর্তারা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে স্ন্যাপ (খাদ্য সহায়তা কর্মসূচি) ও মেডিকেইডের মতো সরকারি সুবিধা ব্যবহারের বিষয়টি বিবেচনায় আসতে পারে। এ নিয়ে অভিবাসী পরিবারগুলোর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। নিউইয়র্কের কর্মকর্তাদের আশঙ্কা, নতুন নীতির কারণে বৈধভাবে সরকারি সহায়তা পাওয়ার যোগ্য অনেক অভিবাসী পরিবারও সুবিধা নিতে ভয় পেতে পারে। এতে স্বাস্থ্যসেবা ও খাদ্যসহায়তার মতো প্রয়োজনীয় সুবিধা থেকে পরিবারগুলো দূরে সরে যেতে পারে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি পৃথকভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাগুলোতে নতুন নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তা কার্যকর না করার আবেদন জানানো হয়েছে।

নিউইয়র্কের কর্মকর্তারা আদালতের কাছে নতুন নীতিটি কার্যকর হওয়া ঠেকানোর আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, নীতিটি অভিবাসী পরিবারগুলোর মধ্যে অযথা ভয় ও অনিশ্চয়তা তৈরি করবে এবং অনেক পরিবার প্রয়োজনীয় সরকারি সহায়তা নেওয়া থেকে বিরত থাকতে পারে।

তবে নতুন নীতিটি এখনো আদালতের চ্যালেঞ্জের মুখে রয়েছে। আদালত কোনো স্থগিতাদেশ দিলে ১৮ সেপ্টেম্বর থেকে এর বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন