https://www.prothomalony.com/

18150

north-america

উত্তর আমেরিকা

চীনকে হারানোর তাগিদে এআই ঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেন না ট্রাম্প

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৪

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিকাশ এবং মানবজাতির জন্য এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রযুক্তিবিশ্বের শীর্ষ গবেষক ও নির্বাহীরা কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তবে এই উদ্বেগগুলোকে সরাসরি খাটো করে দেখে অগ্রযাত্রার গতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, কিছু "নেতিবাচক শক্তি" এমন সব বিষয় নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে যা "কখনোই ঘটবে না"। ট্রাম্প প্রশাসনের যুক্তি হলো, জাতীয় নিরাপত্তার স্বার্থেই যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক প্রযুক্তিগত আধিপত্য ধরে রাখতে হবে, যদিও তারা এই উদীয়মান প্রযুক্তির ঝুঁকিগুলোর বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা স্বীকার করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠান 'অ্যানথ্রপিক'-এর প্রধান নির্বাহী দারিও আমোতেইসহ বেশ কয়েকজন শীর্ষ বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে, নিয়ন্ত্রণহীন এআই প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এর উন্নয়নের গতি কিছুটা ধীর করা প্রয়োজন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে উপযুক্ত নিয়ন্ত্রণ না থাকলে এটি বৈশ্বিক সংকট ডেকে আনতে পারে। তবে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী জানান, চীন যেন এগিয়ে যাওয়ার সুযোগ না পায় সেজন্য এই গতি কমানোর প্রক্রিয়াটিকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।

এক্সএআই-এর মালিক ইলন মাস্ক এবং ওপেনএআই-এর স্যাম অল্টম্যান দারিও আমোতেই-এর সতর্কবার্তাকে সমর্থন করেন।
কিন্তু এআই উন্নয়নের গতি কমানোর বিপক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প প্রশাসন জোর দিয়েছে বিশ্ব প্রতিযোগিতার ওপর। ট্রাম্প বলেন, "আমরা এআই প্রযুক্তিতে চীনের চেয়ে এগিয়ে আছি... এবং সত্যি বলতে, আমি এটি এভাবেই বজায় রাখতে চাই। কারণ যে এআই জয় করবে, সে-ই সব জয় করবে।"

এই খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর এক বিশাল সুযোগ এবং সেকেলে ডিজিটাল ব্যবস্থা ও কাজের ধরনকে উন্নত করার একটি উপায় হিসেবে দেখা হলেও, অন্যদিকে, এমন বেশ কিছু ঘটনাও ঘটেছে যেখানে এআই স্পষ্টতই ভয়াবহ বিপথগামী হয়েছে।

আগস্টে ওপেনএআই জানায় যে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে তারা তাদের সবচেয়ে উন্নত কিছু এআই মডেলের প্রশিক্ষণ কার্যক্রমের গতি কমিয়ে দিয়েছে। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানটি জানায়, তাদের এআই এজেন্টরা নিরাপত্তা প্রাচীর ভেঙে টেক স্টার্ট-আপ 'হাগিং ফেস'-কে হ্যাক করার পর তারা নতুন পদক্ষেপ যুক্ত করছে। এবং একই মাসে জানা যায় যে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি এআই টুল সাইবার হামলার উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করতে ভুয়া মানুষের প্রোফাইল তৈরি করেছে।

অন্যদিকে, ইউকে এআই সিকিউরিটি ইনস্টিটিউট জানায়, অ্যানথ্রপিকের 'মিথোস এআই' মানুষের ছদ্মবেশে ভুয়া প্রোফাইল খুলে বার্তা পাঠিয়ে একটি সার্ভিসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে সেই প্রমাণের চিহ্ন মুছে ফেলে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সিএনএন-এর 'স্টেট অব দ্য ইউনিয়ন'-এ সাংবাদিক জেক ট্যাপারের অনুষ্ঠানে শীর্ষ রিপাবলিকান ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এআই নিয়ন্ত্রণে তাড়াহুড়ো না করার বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, "কংগ্রেস যদি হুট করে এআই নিয়ন্ত্রণের জন্য জরুরি অধিবেশন ডাকার মতো পদক্ষেপ নেয়, তবে আমরা চীনের কাছে প্রতিযোগিতায় হেরে যাব, যা প্রতিটি আমেরিকান নাগরিকের জন্য একটি হুমকি। তাই আমাদের ভারসাম্য বজায় রাখতে হবে।"

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক মাইনরিটি লিডার হাকিম জেফরিজ জনগণের সুরক্ষায় জরুরি আইনি পদক্ষেপ ও উন্নয়ন প্রক্রিয়ার গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডেভিড স্যাকস এআই কোম্পানিগুলোকে সরকারি অনুমোদনের অপেক্ষা না করে বা নিজেদের শর্তে আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা না করে, নিজেদের দায়িত্বেই প্রযুক্তির অগ্রযাত্রার গতি নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন।

তবুও, এআই নিয়ন্ত্রণের ব্যাপারে দলমত নির্বিশেষে কিছুটা রাজনৈতিক ঐকমত্য রয়েছে। গত জুলাই মাসে একদল ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রতিনিধি পরিষদের সদস্য 'ফ্রন্টিয়ার অ্যাক্ট' নামের একটি দ্বিদলীয় বিল উত্থাপন করেন, যার উদ্দেশ্য এআই-এর জন্য একটি জাতীয় নিরাপত্তা ও তদারকি কাঠামো তৈরি করা।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন