https://www.prothomalony.com/

18149

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে বিএসিএফের সম্মাননা

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০০

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ২৭ বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভেনিয়া (বিএসিএফ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) আপার ডার্বির ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত ‘৪র্থ বিএসিএফ গ্র্যাজুয়েশন অ্যান্ড রিশেপশন অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে তাদের হাতে এই পদক ও সনদ তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে হার্ভার্ড, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া (ইউপেন), ড্রেক্সেল ও টেম্পল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও রয়েছেন।

একই অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ চার ব্যক্তি ও একটি সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশেষ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল মতিন তাপাদার, ‘শিক্ষা ও পরিবেশবিজ্ঞান’ ক্যাটাগরিতে ড. মো. খালেকুজ্জামান, ‘মেডিসিন অ্যান্ড কমিউনিটি অ্যাক্টিভিটি’ ক্যাটাগরিতে ড. ইবরুল চৌধুরী এবং ‘যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি’ ক্যাটাগরিতে আলাউদ্দিন পাটোয়ারী। এ ছাড়া বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যার ভ্যালিকে (বিএডিভি) ‘অসামান্য বাংলাদেশি সংগঠন’ হিসেবে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে স্থপতি ও লেখক ড. কাজী খালিদ আশরাফ, প্রফেসর ফারুক সিদ্দিকী, ড. মো. খালেকুজ্জামান ও প্রফেসর হায়দার আলী বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের পাশাপাশি সমাজ ও কমিউনিটির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন হার্ভার্ড ইউনিভার্সিটির স্নাতকোত্তর শিক্ষার্থী ফাহিম ইসলাম ধ্রুব। এ ছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন প্রফেসর খায়ের মোহাম্মদ মিয়া, ফারুক সলিমুল্লাহ ও রুমানা আলম।

অনুষ্ঠানে আন্তর্জাতিক ও স্থানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের ড. নিনা আহমেদ, আপার ডার্বি টাউনশিপের মেয়র এড ব্রাউন, মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব, পেনসিলভেনিয়া স্টেট সিনেটর শরীফ স্ট্রিট, স্টেট রিপ্রেজেন্টেটিভ তারিক খান এবং পেনসিলভেনিয়া স্টেট অফিস অব পলিসি অ্যান্ড প্ল্যানিংয়ের সেক্রেটারি আকবর হোসাইন।

অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি ও পেনসিলভেনিয়া স্টেটের পক্ষ থেকে বিএসিএফের হাতে বিশেষ 'প্রো-ক্লেমেশন' বা প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠান সফল করতে সহায়তাকারী স্পন্সর ও অন্যান্য সহযোগীদেরও ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, বাংলাদেশি-আমেরিকান শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, অর্জনের স্বীকৃতি দেওয়া এবং কমিউনিটির গুণীজনদের সম্মানিত করার লক্ষ্যেই বিএসিএফ নিয়মিতভাবে এই আয়োজন করে আসছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক অতিথি অংশ নেন।

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন