https://www.prothomalony.com/
18119
north-america
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৮
নিউজার্সি অঙ্গরাজ্যের অ্যাটলানটিক কাউন্টিতে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে আগামী ১৪ সেপ্টেম্বর (সোমবার) থেকে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘গণেশ চতুর্থী উৎসব’ অনুষ্ঠিত হবে। এগ হারবার শহরের ৫৭১ সাউথ পোমোনা এলাকায় অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করা হয়েছে।
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই আপ্তবাক্যকে ধারণ করে বিগত বছরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে গণেশ চতুর্থী উৎসব উদযাপন করা হবে। উৎসবের আয়োজনে থাকছে আরতি, ভজন কীর্তন, শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত রজনী, প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি।
উৎসবের প্রথম দিন ১৪ সেপ্টেম্বর (সোমবার) ভজন সংগীত পরিবেশন করবেন উমেশ প্যাটেল ও তাঁর দল। আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) রাত ৮টায় অনুষ্ঠিত হবে বিশেষ সংগীত রজনী। এতে সংগীত পরিবেশন করবেন ‘ইন্ডিয়ান আইডল’খ্যাত সংগীতশিল্পী নিতিন কুমার।
গণেশ চতুর্থী উৎসবে সপরিবারে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সফল করার জন্য কমিউনিটি ব্যক্তিত্ব বিনোদ ভেলোর, সুমন মজুমদার, দীপক শাহ, রকি মাকাডিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী, শান্তনু সরকার ও মনোজিত সাহা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা জানিয়েছেন, গণেশ চতুর্থী উৎসব সবার জন্য উন্মুক্ত। উৎসবে অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি লাগবে না। দক্ষিণ জার্সিতে পাঁচ দিনব্যাপী এ উৎসব আয়োজনের খবরে প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ জার্সির বিভিন্ন কমিউনিটির মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন