https://www.prothomalony.com/
18115
north-america
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৮
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আবিয়া বাইয়েনিয়াল কনভেনশন ২০২৬’। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের শীর্ষস্থানীয় সামাজিক ও পেশাজীবী সংগঠন ‘আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ বা ‘আবিয়া’র উদ্যোগে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে সামনে রেখে গত ৫ সেপ্টেম্বর স্টার্লিং হাইটসের একটি রেস্টুরেন্টে আবিয়া সেন্ট্রালের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের বিস্তারিত কর্মসূচি, উদ্দেশ্য এবং বাংলাদেশের প্রকৌশল খাতের উন্নয়নে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন আবিয়ার নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সূচনা হবে। দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পেশাজীবী নেটওয়ার্কিং অনুষ্ঠান, স্টেম মেলা এবং কারিগরি সেমিনার। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত থাকছে মূল বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনের শেষ দিন ২৭ সেপ্টেম্বর (রোববার) সকালে অনুষ্ঠিত হবে টেবিল টেনিস টুর্নামেন্ট ও বিশেষ পেশাজীবী নেটওয়ার্কিং সেশন। বিকেলে সমাপনী আকর্ষণ হিসেবে ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে রিভার ক্রুজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আবিয়ার নেতৃবৃন্দ বলেন, উত্তর আমেরিকার বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে পেশাগত যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন এবং দেশীয় প্রকৌশলীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
তারা জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা তরুণ প্রকৌশলীদের ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আবিয়া বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও সহযোগিতা দিয়ে আসছে। একই সঙ্গে দেশের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক গবেষক এবং বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের যৌথ গবেষণা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েও সংগঠনটি কাজ করছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ডেট্রয়েটে অনুষ্ঠিতব্য ‘আবিয়া বাইয়েনিয়াল কনভেনশন ২০২৬’ উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের একত্রিত করার পাশাপাশি বাংলাদেশের প্রকৌশল খাতের সঙ্গে প্রবাসী পেশাজীবীদের নতুন ও কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন