https://www.prothomalony.com/

18114

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৬

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন শহরে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। গত ৫ ও ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে ডেট্রয়েট দুর্গা মন্দির, ওয়ারেন শিব মন্দির, কালী মন্দিরসহ বিভিন্ন মন্দিরের উদ্যোগে একাধিক শোভাযাত্রা, পূজা, কীর্তন, গীতাপাঠ, আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব আয়োজনে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।

মিশিগানের হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ট্রয়, স্টার্লিং হাইটস, ম্যাডিসন হাইটস, সিলভি টাউনশিপ, রয়্যাল ওকসহ বিভিন্ন শহর থেকে বিকেল থেকেই ভক্তরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন। ৫ সেপ্টেম্বর ডেট্রয়েট দুর্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা, অর্চনা ও বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড সম্পন্ন করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী। পূজা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় ভক্তরা ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করেন। শোভাযাত্রাটি ডেট্রয়েট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দুপাশে থাকা অনেক মানুষ হাত নেড়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। কেউ কেউ গাড়ির হর্ন বাজিয়ে ভক্তদের উৎসাহিত করেন। ভক্তরা শ্রীকৃষ্ণের বিভিন্ন বাণী ও ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রায় উল্লেখযোগ্যসংখ্যক শিশু-কিশোরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রংবেরঙের পোশাক পরে তারা আনন্দের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেয়। বিপুলসংখ্যক নারীও এতে অংশগ্রহণ করেন। পুরো শোভাযাত্রাজুড়ে ধর্মীয় সংগীত, কীর্তন ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে দুর্গা মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল পূজা, আরতি, সারা দিনব্যাপী কীর্তন, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ।

ওয়ারেন সিটির শিব মন্দিরেও ৫ সেপ্টেম্বর বিকেলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার আয়োজন করা হয়। ভক্তরা নেচে গেয়ে কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনন্দ ভাগ করে নেন। পরদিন ৬ সেপ্টেম্বর মন্দিরে পূজা, উদয়াস্ত কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

ওয়ারেন সিটির কালী মন্দিরে ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তরা নেচে গেয়ে কীর্তন পরিবেশন করে ধর্মীয় উৎসবটি উদযাপন করেন। এ ছাড়া পূজা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলারও আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। মেলায় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ মন্দিরের উদ্যোগে ৫ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পূজা, আরতি, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতাপাঠ ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী ভক্তদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে মন্দির প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে সনাতন ধর্মাবলম্বীরা নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। মিশিগানেও প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে এবারের জন্মাষ্টমী উদযাপন করেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন