https://www.prothomalony.com/
18116
north-america
মৃত্যুর নয় মাস পর মরণোত্তর এমি জিতলেন কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা রব রাইনার। এফএক্স-এর আলোচিত কিচেন ড্রামা "দ্য বিয়ার" এ অভিনয়ের জন্য তিনি এই সম্মান পেয়েছেন। কমেডিতে 'আউটস্ট্যান্ডিং গেস্ট অ্যাক্টর' বিভাগে তার পুরস্কারটি ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর উপস্থাপক ওয়েন্ডি ম্যাকলেন্ডন-কোভি তার পক্ষে এমি গ্রহণ করেন এবং দর্শকরা এক মিনিট ধরে দাঁড়িয়ে তাকে সম্মান জানান।
রোববার(৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের পিকক থিয়েটারে অনুষ্ঠিত 'ক্রিয়েটিভ আর্টস এমিস' অ্যাওয়ার্ডসে তার নাম ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানটি মূল টেলিভিশন অনুষ্ঠানের এক সপ্তাহ আগে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয় যেখানে শিল্পী ও কারিগরদের সম্মান জানানো হয়।
'দ্য প্রিন্সেস ব্রাইড', 'হোয়েন হ্যারি মেট স্যালি', 'দিস ইজ স্পাইনাল ট্যাপ' এবং 'মিজারি'-র মতো অসংখ্য ক্লাসিক চলচ্চিত্র পরিচালনার জন্য বিখ্যাত হলিউডের এই প্রয়াত কিংবদন্তি শিল্পী রব রাইনার।
মৃত্যুর আগে টেলিভিশনে নিজের শেষ ভূমিকায় রেইনার 'দ্য বেয়ার' সিরিজের চতুর্থ সিজনে একজন পরোপকারী ব্যবসায়িক পরামর্শকের চরিত্রে অভিনয় করেছিলেন।
২০২৫ সালের গ্রীষ্মে পর্বগুলো প্রচারের পর তাঁর চরিত্রটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে এবং রেইনার হয়তো পঞ্চম সিজনেও ফিরে আসবেন—এমন একটি প্রত্যাশা তৈরি হয়েছিল সবার মনে। তবে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সেই আশা আর পূরণ হলনা।
'কমেডি সিরিজে সেরা অতিথি অভিনেতা' বিভাগে রেইনারের প্রতিদ্বন্দ্বী ছিলেন—'শ্রিংকিং' এর জন্য মাইকেল জে. ফক্স ও ব্রেট গোল্ডস্টেইন, 'উইডোজ বে'-এর জন্য হ্যামিশ লিংকলেটার, 'হ্যাকস'-এর জন্য ক্রিস্টোফার ম্যাকডোনাল্ড এবং 'স্যাটারডে নাইট লাইভ'-এর জন্য কনর স্টোরি।
এটি রব রাইনারের তৃতীয় এমি। সিবিএস-এর সিটকম 'অল ইন দ্য ফ্যামিলি'-তে বিদ্রোহী তরুণ মাইকেল 'মিটহেড' স্টিভিকের চরিত্রে অভিনয়ের জন্য এর আগে দুবার এমি পুরস্কার জিতেছিলেন রেইনার; সেই দ্বিতীয় পুরস্কারটি পাওয়ার ৪৮ বছর পর তিনি এই নতুন জয়টি পেলেন।
এই দীর্ঘ বিরতির রেকর্ডে তিনি যেন তাঁর বাবার পথ অনুসরণ করলেন। তাঁর বাবা—কমেডিয়ান ও পরিচালক কার্ল রেইনার ১৯৫৮ সালে 'সিজারস আওয়ার'-এর জন্য তাঁর দ্বিতীয় এমি জয়ের ৩৭ বছর পর, ১৯৯৫ সালে 'ম্যাড অ্যাবাউট ইউ'-তে অভিনয়ের জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন।
রব রাইনার ১৯৯৫ সালের পর প্রথম মরণোত্তর অভিনয় বিভাগে এমি বিজয়ী। এর আগে ১৯৯৫ সালে রাউল জুলিয়া 'দ্য বার্নিং সিজন' টিভি মুভিতে অভিনয়ের জন্য মরণোত্তর এমি পুরস্কার পেয়েছিলেন; তার আগের বছর ৫৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল।
২০২৫ সালের ১৪ ডিসেম্বর, লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডে নিজ বাড়িতে ৭৮ বছর বয়সী রেইনার এবং তাঁর ৭০ বছর বয়সী স্ত্রী মিশেলকে ধারালো অস্ত্রের আঘাতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের ছেলে নিক রাইনারের বিরুদ্ধে বাবা-মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন