https://www.prothomalony.com/

18113

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে তিন দিনব্যাপী লেবার ডে ফেস্টিভালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৫

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবারও তিন দিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের উৎসব ছিল ৪৬তম আয়োজন। শহরের ডাউনটাউনের জোসেফ ক্যাম্পু সড়কে আয়োজিত ঐতিহ্যবাহী এ উৎসবে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিদের একাধিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও এতে বর্ণাঢ্যভাবে অংশ নেয়।

তিন দিনের উৎসব প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলে। শিশু থেকে শুরু করে প্রবীণদের জন্যও ছিল নানা ধরনের বিনোদনের আয়োজন। উৎসবস্থলে বসেছিল রকমারি পণ্যের স্টল ও খাবারের দোকান। পাশাপাশি গান-বাজনা, কার্নিভ্যাল রাইড এবং আকর্ষণীয় রেসলিং প্রতিযোগিতা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বয়সী মানুষ উৎসবে যোগ দেন।

৭ সেপ্টেম্বর ছিল উৎসবের শেষ দিন। এদিন অনুষ্ঠিত হয় জমকালো প্যারেড। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে ও গেয়ে প্যারেডে অংশ নেন। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ হাত নেড়ে ও করতালি দিয়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

প্যারেডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া। বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক পরে হাতে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন। কেউ ঢোল, কেউ করতাল, হারমোনিয়াম ও কাঁসর বাজিয়ে বাংলাদেশের দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশি সংগঠনগুলোর পক্ষ থেকে প্যারেডের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শিশু-কিশোরদের মধ্যে ক্যান্ডি বিতরণ করতেও দেখা যায়। এতে স্থানীয় দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়। প্যারেডে অংশ নেওয়া বাংলাদেশিদের উৎসাহ দিতে রাস্তার পাশে থাকা প্রবাসী বাঙালিরাও হাততালি ও হাত নেড়ে আনন্দ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে এবারের উৎসবকে প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে দেখা হয়েছে। লেবার ডে ফেস্টিভ্যালের মাধ্যমে হ্যামট্রাম্যাকের বহুজাতিক সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন ফুটে ওঠে, তেমনি প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশাত্মবোধের পরিচয় তুলে ধরার সুযোগ পান। তিন দিনের উৎসব শেষে বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে এবারের ৪৬তম লেবার ডে ফেস্টিভ্যালের পর্দা নামে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন