https://www.prothomalony.com/
18105
north-america
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৫
লস অ্যাঞ্জেলেসে শুরু হয়েছে উত্তর আমেরিকার প্রবাসীদের অন্যতম বৃহৎ আয়োজন ৪০তম ফোবানা সম্মেলন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লস অ্যাঞ্জেলেসের হিলটন ইউনিভার্সেল হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ, কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ সেল গঠন করা হয়েছে।
মন্ত্রী বলেন, প্রবাসীদের নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য চারজন সচিবের নেতৃত্বে বিশেষ সেল কাজ করছে। প্রবাসীরা তাদের অভিযোগ ইমেইলের মাধ্যমে পাঠালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে প্রবাসীরা যাতে প্রয়োজনীয় সেবা পান, সেটিও নিশ্চিত করা হচ্ছে।
দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাইলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। বিনিয়োগের আগে তাদের প্রয়োজনীয় চেকলিস্ট দেওয়া হবে, যাতে প্রক্রিয়াটি সহজ হয় এবং সময় নষ্ট না হয়। তিনি বলেন, ৪০ বছরের ফোবানার অর্জনকে কাজে লাগিয়ে আগামী দিনে কীভাবে সমন্বিতভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায়, তা নিয়ে প্রবাসীদের ভাবতে হবে।
প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।
শুক্রবার সন্ধ্যায় সাবেক নির্বাহী সচিব আবীর আলমগীরের উপস্থাপনায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসের জন্য দিনটি আনন্দের। বিভিন্ন শহরের মানুষ এবং লস অ্যাঞ্জেলেসবাসীর সহযোগিতায় ৪০তম ফোবানা আয়োজন সফলতার পথে এগিয়ে যাচ্ছে।
হোস্ট কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, সম্মেলন সফল করতে একটি চমৎকার দল সমন্বিতভাবে কাজ করেছে। সবার সহযোগিতায় এবারের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।
অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, ৪০তম আসরে এসে ফোবানা একটি মাইলফলক স্পর্শ করেছে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আজ মর্যাদার অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতে ফোবানাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফোবানার নির্বাহী সচিব খালেদ রইফ বলেন, ফোবানা অনেক দূর এগিয়েছে এবং এর রয়েছে নানা অর্জন। এই অর্জনকে সামনে রেখে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।
লস অ্যাঞ্জেলেস ফোবানা হোস্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম চৌধুরী বলেন, এবারের আয়োজনে প্রবাসী কল্যাণমন্ত্রীর উপস্থিতি তাদের জন্য বাড়তি পাওয়া। তিনি প্রবাসীদের কথা শুনবেন এবং তার মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, প্রবাসে ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীবান্ধব সরকারের সঙ্গে সমন্বয় করে ফোবানা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাষ্ট্রে ৪০ বছর ধরে ফোবানা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে আসছে।
অনুষ্ঠানে ফোবানার সদস্য আবীর আলমগীর সংগঠনের সাবেক সব চেয়ারম্যান এবং বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের সাবেক কনভেনরদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে পরিচয় করিয়ে দেন।
রাত সাড়ে ৮টার দিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪০তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ফোবানার সাংস্কৃতিক সচিব শহিদ আহমদ মিঠুর পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।
এদিকে ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় আবহের মিলনমেলায় পরিণত হয় এবারের ফোবানার উদ্বোধনী আয়োজন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন