https://www.prothomalony.com/

18076

north-america

উত্তর আমেরিকা

ফার্স্ট এইড হোম-কেয়ারের বনভোজন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৩৪

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হলো ফার্স্ট এইড হোম কেয়ার এস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের বার্ষিক বনভোজন। গত ২৯ আগস্ট শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের নাসাউ কাউন্টির ওয়ানটেগ পার্কে দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবারের সদস্য এবং সিনিয়র সিটিজেনরা অংশ নেন। কর্মব্যস্ত জীবনের ব্যস্ততা ভুলে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটান সবাই। বনভোজনকে ঘিরে সকাল থেকেই ওয়ানটেগ পার্কে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।




পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কর্মকর্তারা অংশ নেন নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনে। শিশুদের খেলাধুলা ও ছোটাছুটিতে পুরো পার্কজুড়ে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধূলা ছাড়াও নানা ধরনের দেশীয় খাবারের ব্যবস্থা।

হোম কেয়ারের ডিরেক্টর ড. শাহজাদী পারভিন সারাহ বলেন, প্রতিবছরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বনভোজনের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সারা বছর নানা দায়িত্ব পালন করতে গিয়ে ব্যস্ত ও ক্লান্ত থাকেন। তাই সবাইকে একসঙ্গে নিয়ে কিছুটা সময় আনন্দ ও বিনোদনের মাধ্যমে কাটানোর জন্যই এ আয়োজন।

হোম কেয়ারটির সিইও ড. জিসি প্যাট বলেন, এবারের আয়োজনে সিনিয়র সিটিজেনদেরও সঙ্গে নেওয়া হয়েছে। তারা প্রতিষ্ঠানের কাছে শুধু সেবাগ্রহীতা নন, বরং পরিবারের সদস্যদের মতো। তাই তাদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন করা হয়েছে। সিনিয়র সিটিজেনরা দিনটি উপভোগ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।



এস্টোরিয়া সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও গাজী লিটন বলেন, বনভোজনকে ঘিরে সবাই অত্যন্ত উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন। কর্মব্যস্ততার বাইরে প্রকৃতির মাঝে এসে সবাই যেন কিছু সময়ের জন্য হারিয়ে গেছেন। এ ধরনের আয়োজন সহকর্মী, পরিবার এবং সিনিয়র সিটিজেনদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে বনভোজনের পাশাপাশি আয়োজন করা হয় র‍্যাফেল ড্র। পিকনিক ও র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থ নন-প্রফিট সংগঠন 'মা ফাউন্ডেশন'-কে দান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন ফার্স্ট এইড হোম কেয়ারের সিইও ড. জিসি প্যাট, ডিরেক্টর ড. শাহজাদী পারভিন সারাহ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট এইড হোম কেয়ারের এইচআর অ্যাডমিনিস্ট্রেটর আয়শা ইসলাম, জেনারেল ম্যানেজার দীপ্ত সাহা, এইচ আর কো-অর্ডেনেটর কানিজ শারমিন, 'মা ফাউন্ডেশন'-এর সোশ্যাল সার্ভিস ডিরেক্টর এম ডি মশিউর রহমান, সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের ম্যানেজার আল আমিন, শিব্বির, শুভ, আসিফ-জান্নাতসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন