https://www.prothomalony.com/

18060

north-america

উত্তর আমেরিকা

লস এঞ্জেলস ফোবানার উদ্বোধন ৪ সেপ্টেম্বর

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৪

শুক্রবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসতে যাচ্ছে ৪০তম ফোবানা সম্মেলন। ডক্টর জয়নাল আবেদীন ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবালের নেতৃত্বে আয়োজিত এ সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছেন।
আয়োজকরা জানিয়েছেন, সম্মেলনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন সাব-কমিটি দিন-রাত কাজ করছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বড় শহরেও ৪০তম ফোবানা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, “আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। সবগুলো সাব-কমিটি দিন-রাত কাজ করছে।”
মিডিয়া কমিটির চেয়ারম্যান আল আমিন লস্কর বলেন, “লস অ্যাঞ্জেলেস ফোবানার আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
এবারের ফোবানা আয়োজনকে ঘিরে ডক্টর জয়নাল আবেদীনের সাংগঠনিক ভূমিকা বিশেষভাবে আলোচনায় এসেছে। আয়োজকদের ঘনিষ্ঠ সূত্র ও কমিউনিটির একাধিক অ্যাক্টিভিস্টের ভাষ্য, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি ঐক্যবদ্ধভাবে সম্মেলন আয়োজনের কাজ এগিয়ে নিয়েছেন। অতীতেও সফল ফোবানা আয়োজনের অভিজ্ঞতা রয়েছে তার। প্রায় দেড় দশক আগে লস অ্যাঞ্জেলেসের একটি ফোবানা সম্মেলনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতিথি হিসেবে নিয়ে আসার বিষয়টিও কমিউনিটিতে এখনো স্মরণীয় হয়ে আছে।

কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ডক্টর জয়নাল আবেদীনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবারও আয়োজনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে জালালাবাদ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশি আমেরিকান লস অ্যাঞ্জেলেসভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সম্মেলনের প্রস্তুতিতে সক্রিয় রয়েছেন।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুনিম রেড কার্পেট লাঞ্চের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক লায়েক আহমদসহ অন্য নেতারাও ফোবানার বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। সিলেটের হাবিব আহমদ টিয়া, আব্দুল বাছিত, মোয়াজ্জেম চৌধুরীসহ কমিউনিটির আরও অনেকে সম্মেলনের প্রস্তুতিতে কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি সংগঠনগুলোর অন্যতম বৃহৎ জোট বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ অ্যালায়েন্স (বাফলা)। সংগঠনটির প্রায় ২৭টি সংগঠন সদস্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাফলার সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল বলেন, “ডক্টর জয়নাল আবেদীনের বিকল্প নেই। তিনি একজন সংগঠনপাগল কমিউনিটি ব্যক্তি। আমরা তার মাধ্যমেই ফোবানাকে মূল্যায়ন করি। তিনি আগেও কনভেনর ছিলেন, এবারও সফল ফোবানা করবেন।”

তিনি বলেন, “উনাকে শেষ মুহূর্তে নয়, অনেক আগেই অনেকের সহযোগিতা করা উচিত ছিল। এখনো আর্থিক সংকট রয়েছে। যারা সহযোগিতা করতে চান, তারা আর্থিকভাবে সহযোগিতা করুন। বাফলার সর্বাত্মক সহযোগিতা থাকবে। এটা আমাদের শহরের ফোবানা।”
এদিকে সম্মেলন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা থাকলেও সেসব বিষয়ে মনোযোগ না দিয়ে মূল আয়োজনের মান নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিচ্ছেন আয়োজকরা।

ডক্টর জয়নাল আবেদীন বলেন, “আমাদের প্রস্তুতি চূড়ান্ত। অতীতে যারা সহযোগিতা করেননি, তারা অন্তত এই মুহূর্তে বিভ্রান্তি ছড়াবেন না। ফোবানা সংশ্লিষ্ট অনেকেই অসহযোগিতা করেছেন এবং নানা কথা ছড়াচ্ছেন—এসব আমাদের কানে আসছে। তবে আমাদের ফোকাস এগুলোতে নেই। আমরা কোয়ালিটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত।”
তিনি বলেন, “বিভিন্ন শহরের ফোবানার এক্সিকিউটিভরা আসছেন। তাদের প্রত্যাশাও অনেক। আমাদের হোস্ট কমিটির সবাই হাই-প্রফেশনাল। অনেকেই স্টেট ও ফেডারেল জব করেন, অধিকাংশই ইঞ্জিনিয়ার। তারপরও সবাই সক্রিয়ভাবে কাজ করছেন।”

সম্মেলনে আগত অতিথিদের স্বাগত জানাতে রিসেপশন কমিটি ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন বলেও জানান তিনি। লবিতে হেল্প ডেস্ক থাকবে এবং আগত অতিথিদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ডক্টর জয়নাল আবেদীন বলেন, “অন্য শহরের মতো কাউকে বাইরে রেখে আমরা কনভেনশন করছি না। আমি কখনো হীনমন্যতায় ভুগিনি। সবাইকে সঙ্গে নিয়েই আয়োজন করেছি, যাতে সহযোগিতা পাই। তবে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা এখনো পাওয়া যায়নি।”

আয়োজকদের আর্থিক সংকটের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন শহরের কমিটমেন্ট অনুযায়ী অর্থ এখনো পুরোপুরি আসেনি। তবে ভবিষ্যতে সহযোগিতা পাওয়ার আশা করছেন তিনি। সম্মেলনের অর্থসংক্রান্ত নানা গুঞ্জনকে ‘রিউমার’ উল্লেখ করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “হোস্ট কমিটি তার দায়দায়িত্ব নিয়েই এগোচ্ছে। ফোবানার নির্বাহী সংসদ তাদের দায়িত্বে আছে, আর আমরা কনভেনশনের দায়িত্বে। অনেকের কমিটমেন্ট অনুযায়ী টাকা আসেনি, তবে আসবে ইনশাআল্লাহ। আমি সবার সহযোগিতা চাই।”

আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন অঙ্গরাজ্য ও শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি সম্মেলনে অংশ নেবেন। পরিবার নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসে ৪০তম ফোবানা উপভোগ করার আহ্বান জানিয়েছেন তারা।

হোস্ট কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন কালচারাল চেয়ারম্যান শহিদ আহমদ মিটু, মিডিয়া চেয়ারম্যান আল আমিন লস্কর, ডেপুটি কনভেনর হাবিব টিয়া, হোস্ট প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, মিডিয়া কো-চেয়ারম্যান জুয়েল সাদত এবং বিজনেস লাঞ্চ চেয়ারম্যান আব্দুল মুনিমসহ অনেকে।

সব মিলিয়ে ৪০তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটিতে এখন অপেক্ষা শুধু পর্দা ওঠার। আয়োজকদের প্রত্যাশা, নানা প্রতিকূলতা পেরিয়ে এবারের ফোবানা হবে ঐক্য, সংস্কৃতি ও প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার একটি সফল আয়োজন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন