https://www.prothomalony.com/

18063

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে ১০৮ কণ্ঠে তৃতীয় সমবেত গীতা পাঠ উৎসব

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৯

যুক্তরাষ্ট্রের মিশিগানে ১০৮ কণ্ঠে তৃতীয় সমবেত গীতা পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট (রোববার) দুপুরে ডেট্রয়েট দুর্গা টেম্পলে আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
দুপুর ১২টায় আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উৎসব কমিটির আহ্বায়ক, মুখপাত্র ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি হারান কান্তি সেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটলান্টা থেকে আগত আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সত্যব্রত কর। তিনি বলেন, বাংলাদেশের বাইরে প্রবাসে এমন সুন্দর আয়োজন এবং বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণ তাকে অভিভূত করেছে। সনাতনী প্রতিটি পরিবারে নিজেদের কৃষ্টি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গীতা চর্চা আজ অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন ডেট্রয়েট দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ ও সহ-সভাপতি নিপেশ সূত্রধর।
আয়োজকদের পক্ষ থেকে গীতা পাঠে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে রুমাল ও শ্রীমদ্ভগবদ্গীতা প্রদান করা হয়। পুরুষরা সাদা পাঞ্জাবি ও ধুতি এবং নারীরা লালপাড় শাড়ি পরে অনুষ্ঠানে অংশ নেন।

ডেট্রয়েট দুর্গা টেম্পলের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তীর পরিচালনায় সমবেত গীতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সমস্বরে শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম, তৃতীয়, দ্বাদশ ও অষ্টাদশ—এই চারটি অধ্যায় পাঠ করেন। সবার সমবেত সুমধুর কণ্ঠে গীতা পাঠের পরিবেশ হয়ে ওঠে আধ্যাত্মিক ও আবেগঘন।

গীতা পাঠ শেষে কীর্তন অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

আয়োজকেরা জানান, সব বয়সী মানুষকে গীতা পাঠে আগ্রহী করা এবং নতুন প্রজন্মের কাছে শ্রীমদ্ভগবদ্গীতার মর্মার্থ পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। আগামী প্রজন্মকে গীতা পাঠ ও সনাতনী ধর্মীয় ঐতিহ্যের চর্চায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তারা।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন