https://www.prothomalony.com/

18062

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে 'ব্যাক টু স্কুল ব্যাস বাংলা মেলা' ১১-১৩ সেপ্টেম্বর

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ০৪:০০

যুক্তরাষ্ট্রের মিশিগানে আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ব্যাক টু স্কুল ব্যাস বাংলা মেলা’। বাংলাদেশ মাল্টি কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ারেন শহরের সিটি স্কয়ারে এ মেলা অনুষ্ঠিত হবে।

মেলা উপলক্ষে গত ৩০ আগস্ট রোববার দুপুরে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইকবাল হোসেইন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, এবারের মেলা প্রচলিত বাংলা মেলার চেয়ে কিছুটা ভিন্নধর্মী হবে। বিশেষ করে মেলার ১২ ও ১৩ সেপ্টেম্বর, শনি ও রোববার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত এক হাজার স্কুল শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে যে, কমিউনিটির অভিভাবকেরা তাদের পাশে আছেন এবং তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন।

মেলায় বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। থাকবে গান, নৃত্য, দেশীয় আড্ডাসহ নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি বিভিন্ন স্টলে বাংলাদেশি পোশাক, খেলনা, ঘর সাজানোর সামগ্রী এবং নানা স্বাদের খাবার পাওয়া যাবে। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের বিনোদনের জন্যও থাকবে নানা আয়োজন।

মেলার অন্যতম আকর্ষণ হবে রাফেল ড্র। এতে প্রথম পুরস্কার হিসেবে একটি গাড়ি দেওয়ার কথা জানানো হয়েছে।

আয়োজকেরা জানান, মেলার সার্বিক নিরাপত্তায় সংগঠনের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ওয়ারেন পুলিশও দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তা এমদাদ হোসেইন, হিমেল হোসেইন, সাইফুর রহমান, জুয়েল মোহাম্মদ, আমীর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মেলাটি সুন্দর ও সফলভাবে আয়োজন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আয়োজকেরা। সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন