https://www.prothomalony.com/

18055

new-york

নিউইয়র্ক

‌‘প্রবাহ’ এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি মতিউর রহমান মল্লিকের স্মরণসভা

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪

 পুরো অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলাম ও কবি মতিউর রহমান মল্লিক এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের নিয়ে আলোচনা হয়। স্বরচিত কবিতা, কবিদ্বয়ের লেখা কবিতা আবৃত্তি, ছড়া পাঠ ইত্যাদি থাকে আয়োজনে।

প্রধান অতিথি ড: রফিকুল ইসলাম বলেন, কবি কাজী নজরুল ইসলাম যখন যেখানে থেকেছেন, বিভিন্ন বিষয়  নিয়ে তিনি শুধু লিখেই গেছেন। প্রায় ৪ হাজারের মত কবিতা গান লিখে গেছেন তিনি। তাঁর একাডেমিক শিক্ষা কম হলেও তাঁকে পড়ে উচ্চ ডিগ্রি নিতে হয়। একজন মানুষের এতগুলো  গুনের কোনটাই বলে শেষ করা যাবেনা। মাত্র ২২ বছর বয়সে তিনি "বিদ্রোহী" কবিতা লিখে বিদ্রোহী কবি হয়েছিলেন।  

গীতিকার , কলামিস্ট ও পর্যটন বিশেষজ্ঞ ড: মামুন আশরাফী বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে মননে সবসময়ই প্রাসঙ্গিক ছিলেন ও থাকবেন। তিনি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। কবি মতিউর রহমান মল্লিক প্রসঙ্গে তিনি বলেন, কবি মল্লিক হাজারেরও বেশি গান লিখেছেন এবং ইসলামি গান রচনায় তিনি সর্বাগ্রে অবস্থান করছেন। ইসলামী সঙ্গীতকে তিনি অনেকদূর এগিয়ে নিয়েছেন।

কবি নুরুল মোস্তফা রইসী কবি কাজী নজরুল ইসলাম নিয়ে আলোচনার পর "বিদ্রোহী" কবিতা আবৃত্তি করেন। এরপর তিনি আশির দশকের কবি, গীতিকার , সুরকার মতিউর রহমান মল্লিক এর সাথে তাঁর স্মৃতিচারণ করেন ও কবির "একটি হৃদয়" কবিতাটি আবৃত্তি করেন। তিনি বলেন, ইসলামী গান রচনায় কবি নজরুলের পর কবি মল্লিক তাঁর উত্তরসুরী।


লেখক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক রিমন ইসলাম কবি নজরুলকে সাম্য ও মানবতার কবি উল্লেখ করে বলেন, তিনি সুস্থ অবস্থায় বেঁচে থাকলে আমরা তাঁর অনেক অমূল্য রচনা পেতাম ও তাঁকে নিয়ে নোবেল পুরষ্কারের স্বপ্ন দেখতাম।


সাহিত্য সংগঠক শাহ আলম কবি কাজী নজরুল ইসলামকে সরাসরি দেখার স্মৃতিচারণ করে কবিকে নিয়ে নাতিদীর্ঘ আবেগময় আলোকপাত করেন। বিশিষ্ট আবৃত্তিকার এম. এ. সাদেক কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনাশেষে "মানুষ" কবিতাটি আবৃত্তি করেন।

কবি, প্রাবন্ধিক এস. এম. মোজাম্মেল হক কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনার পর কবিকে নিয়ে তাঁর স্বরচিত কবিতা "সৈনিক কবি" পাঠ করেন। বিশিষ্ট বাচিকশিল্পী ও টিভি উপস্থাপক জি. এম. ফারুক খান কবি কাজী নজরুল ইসলাম এর "যদি আর বাঁশী না বাজে" অভিভাষণ এর কিয়দংশ আবৃত্তি করেন।

" গ্রীন টাচ" এর সিইও লিয়াকত এলাহী কবি নজরুল নিয়ে আলোচনা করেন। কবি ও ছড়াকার সোহেল হামিদ তাঁর রচিত দ্রোহের ছড়া "স্বৈরাচার" আবৃত্তি করেন। আনিসুর রহমান ভুঁইয়া লোকসাহিত্যের গুরুত্বপূর্ণ অঙ্গ - কয়েকটি ধাঁধা পরিবেশন করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন