https://www.prothomalony.com/

17941

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে প্রকাশ‍্যে আসলেন আওয়ামীগ নেতা শামীম ওসমান

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ ০২:১৬

দীর্ঘ প্রায় দুই বছর পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশ্যে দেখা মিলেছে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের। শুক্রবার (১৪ আগস্ট) রাতে জ্যাকসন হাইটসে শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসভায় অংশ নেন তিনি। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যও দেন শামীম ওসমান।

আওয়ামী লীগের আলোচিত এই নেতার প্রকাশ্যে কর্মীসভায় অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং দেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। নতুন করে আলোচনায় এসেছে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা এবং তার বিরুদ্ধে চলমান মামলাগুলো।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নামার পর শামীম ওসমানকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। এ সময় ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শামীম ওসমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লার সাইনবোর্ড ও আশপাশের এলাকায় ছয়জন, ২১ জুলাই ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় দুজন এবং ৫ আগস্ট আরও দুজনকে হত্যার ঘটনায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলায় শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সহযোগীকেও আসামি করা হয়েছে। ২০২৬ সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে। এরপর জুন মাসে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।

চলমান সাক্ষ্যগ্রহণে শামীম ওসমানের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগও উঠে এসেছে। জুলাই মাসে ট্রাইব্যুনালে দেওয়া এক রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি অনুযায়ী, ১৯ জুলাই নারায়ণগঞ্জের লিংক রোডের জালকুড়ি এলাকায় শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং আজমেরী ওসমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালান। একই সাক্ষী ৫ আগস্ট চাষাড়া এলাকায় শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিদের হামলার কথাও উল্লেখ করেন।

৫ আগস্টের ঘটনা নিয়ে মামলার সাক্ষ্যে আরও বলা হয়েছে, ওই দিন চাষাড়া এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার সময় অয়ন ওসমানের গুলিতে স্বজন নামে এক আন্দোলনকারী আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসা না পাওয়ার অভিযোগ ওঠে এবং ৬ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায়ও শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়েছে।

এছাড়া ২০২৪ সালের আগস্টে নারায়ণগঞ্জে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা করা হয়। ১৯ জুলাই ভুঁইগড় এলাকায় পারভেজ হোসেন নিহত এবং ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় সুমাইয়া আক্তার নিহত হওয়ার ঘটনায় করা মামলায় শেখ হাসিনা, শামীম ওসমান, অয়ন ওসমান, আজমেরী ওসমানসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমানের প্রকাশ্য অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ছিল। ওই সময়ের পর তাকে প্রকাশ্যে না দেখা যাওয়ায় তিনি কোথায় আছেন, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। এরই মধ্যে নিউইয়র্কে তাকে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগে বিচার চলাকালে বিদেশে অবস্থান করা শামীম ওসমান কীভাবে যুক্তরাষ্ট্রে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এসব অভিযোগকে প্রমাণিত অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। নিউইয়র্কে তার সাম্প্রতিক উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রে তার অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্যও পাওয়া যায়নি।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন