https://www.prothomalony.com/
17827
north-america
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ০২:০২
একটি অণুবীক্ষণিক পরজীবী, যার নাম বেশিরভাগ আমেরিকান কখনো শোনেনওনি। এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটিকে প্রকাশ্যে নিয়ে এসেছে। ৩ আগস্ট সোমবার মিশিগানের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সাইক্লোস্পোরিয়াসিস প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো দুইজনের মৃত্যু হয়েছে। উভয়েই মিশিগানের বাসিন্দা, উভয়েরই ছিল গুরুতর স্বাস্থ্য সমস্যা। যা এই পরজীবী সংক্রমণ ও এর ফলে সৃষ্ট পানিশূন্যতার কারণে আরও জটিল হয়ে ওঠে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ।
সংখ্যার দিক থেকে এই প্রাদুর্ভাবের ব্যাপকতা রীতিমতো চমকে দেওয়ার মতো। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চলতি মৌসুমে এ পর্যন্ত আঠারো হাজারেরও সাইক্লোস্পোরিয়াসিস কেসের খবর পাওয়া গেছে। এর মধ্যে ছয় হাজার সাতশ সাতটি ল্যাবরেটরি-নিশ্চিত। প্রায় সাড়ে এগারো হাজার কেস এখনো তদন্তাধীন বা অনিশ্চিত। তুলনা করলে বোঝা যায় পরিস্থিতির গুরুত্ব। ২০২৫ সালে একই সময়কালে (১ মে থেকে ১৬ জুলাই) সারা দেশে মাত্র দুইশত ঊনপঞ্চাশটি কেস রিপোর্ট হয়েছিল। মিশিগান রাজ্যে একাই এখন পর্যন্ত এগারো হাজার দুইশত চৌত্রিশটি কেস । একশ তিরানব্বইটি হাসপাতালে ভর্তির ঘটনা নথিভুক্ত হয়েছে। যা রাজ্যটিকে এই প্রাদুর্ভাবের সবচেয়ে বড় কেন্দ্রে পরিণত করেছে। সিডিসির নিজস্ব হিসাব অনুযায়ী, এই সংখ্যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে বড় সাইক্লোস্পোরা প্রাদুর্ভাব। আগের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১৮ সালে রাস্পবেরি সংক্রান্ত একটি প্রাদুর্ভাবে, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল প্রায় দেড় হাজার।
তদন্তকারীরা এখন সন্দেহের তীর তাক করেছেন একটি নির্দিষ্ট উৎসের দিকে — আইসবার্গ লেটুস। নয়টি অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে পড়া একটি নির্দিষ্ট ক্লাস্টারের ক্ষেত্রে সিডিসি ও খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) মনে করছে, এই অসুস্থতাগুলোর পেছনে একটি সাধারণ উৎস কাজ করছে। গত ১৭ জুলাই টেইলর ফার্মস ডি মেক্সিকো কোম্পানি মধ্য মেক্সিকো থেকে আমদানি করা তাদের সমস্ত আইসবার্গ লেটুস প্রত্যাহার করে নেয়। এই প্রত্যাহারের আওতায় গ্রোসারিতে বিক্রি হওয়া ব্যাগজাত সালাদ, রেস্তোরাঁয় পরিবেশিত লেটুস, এমনকি ইয়াম ব্র্যান্ডসের অধীনস্থ টাকো বেলের মতো বড় ফাস্ট ফুড চেইনেও সরবরাহ করা পণ্য। শুধু এই লেটুস-সংশ্লিষ্ট ক্লাস্টারেই এ পর্যন্ত অন্তত এক হাজার নয়শত সাতচল্লিশ জন অসুস্থ হয়েছেন। অন্তত আটানব্বইজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তদন্ত এখনও চলমান, এবং কর্তৃপক্ষ এখনো নিশ্চিতভাবে বলতে পারছে না দূষণের প্রকৃত উৎস ঠিক কোথায় — খামার, প্রক্রিয়াকরণ কেন্দ্র, নাকি সেচের পানি।
সাইক্লোস্পোরা ক্যায়েটানেনসিস নামের এই পরজীবী মানুষের ক্ষুদ্রান্ত্রে সংক্রমণ ঘটায়। সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায়। সরাসরি একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় না বলেই বিশেষজ্ঞরা জানিয়ে আসছেন। সংক্রমণের দুই থেকে চৌদ্দ দিনের মধ্যে (গড়ে প্রায় এক সপ্তাহ পর) উপসর্গ দেখা দেয়। পানির মতো পাতলা ডায়রিয়া, ক্ষুধামান্দ্য, ওজন হ্রাস, পেটে খিঁচুনি, পেট ফোলাভাব, গ্যাস, বমিভাব এবং ক্লান্তি। চিকিৎসা ছাড়া এই উপসর্গ এক মাস বা তার বেশি সময় ধরে চলতে পারে। ঘন ঘন ডায়রিয়ার কারণে সৃষ্ট পানিশূন্যতা থেকেই মূলত গুরুতর জটিলতার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা আগে থেকে অন্য কোনো স্বাস্থ্য সমস্যায় ভুগতে থাকা মানুষদের ক্ষেত্রে। ঠিক যেমনটা ঘটেছে মিশিগানের এই দুই মৃত ব্যক্তির ক্ষেত্রে। যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত সাইক্লোস্পোরিয়াসিসকে সরাসরি প্রাণঘাতী রোগ হিসেবে বিবেচনা করেন না।
প্রতি বছরের মে থেকে আগস্ট মাসকে সিডিসি "সাইক্লোস্পোরিয়াসিস মৌসুম" হিসেবে চিহ্নিত করে। কারণ গ্রীষ্মকালেই এই পরজীবীর সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। অতীতেও রাস্পবেরি, তুলসী পাতা, ধনেপাতা, স্ন্যাপ মটরশুঁটির মতো তাজা কাঁচা সবজি ও ফলের সঙ্গে এর সংযোগ পাওয়া গেছে। কিন্তু ২০২৬ সালের এই মৌসুম যেভাবে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, প্রকৃত আক্রান্তের সংখ্যা রিপোর্ট করা সংখ্যার চেয়েও অনেক বেশি হতে পারে। কারণ অনেক ক্ষেত্রেই এই সংক্রমণ শনাক্ত হয় না বা চিকিৎসকের কাছে যাওয়াই হয় না। নিয়মিত স্টুল টেস্টে সাইক্লোস্পোরা সবসময় শনাক্ত হয় না বলে রোগীদের প্রায়ই আলাদা করে এই পরীক্ষার অনুরোধ জানাতে হয়।
আপাতত স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ সহজ — টেইলর ফার্মসের প্রত্যাহার করা আইসবার্গ লেটুস বাড়িতে থাকলে তা না খেয়ে ফেলে দিন বা দোকানে ফেরত দিন। দীর্ঘস্থায়ী বা বারবার ফিরে আসা পানির মতো ডায়রিয়া দেখা দিলে, বিশেষ করে এই গ্রীষ্ম মৌসুমে, চিকিৎসকের কাছে গিয়ে সরাসরি সাইক্লোস্পোরা পরীক্ষার কথা উল্লেখ করুন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন