https://www.prothomalony.com/

17826

north-america

উত্তর আমেরিকা

কাঁঠালিয়া আড্ডা

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ০১:৫৩

নিউইয়র্কের হিলসাইডে সম্প্রতি ঘটে গেল এক অন্য রকম উৎসবের কোলাহল। প্রথম আলো উত্তর আমেরিকার নিয়মিত বৃহস্পতিবারের আড্ডায় এবার যুক্ত হয়েছিল দেশীয় মাটির সোঁদা গন্ধ। উপলক্ষ, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে কেন্দ্র করে আয়োজিত 'কাঁঠালিয়া আড্ডা'। আল ইহসান একাডেমির মিলনায়তন সেদিন যেন রূপ নিয়েছিল এক টুকরো সবুজ-হলুদ বাংলাদেশে।

কাঁঠালের রঙের সাথে মেলাতে নারীদের শাড়ির পাশে ছেলেরাও সেজেছিলেন হলুদ পাঞ্জাবিতে। পাকা কাঁঠালের মিষ্টি সুবাস সবাইকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবের স্মৃতিকাতরতায়। গান, আবৃত্তি, আড্ডা আর মজার কৌতুকের রসে জমে উঠেছিল উৎসব। খাবারের টেবিলে ইঁচড়ের তরকারি, বিন্নি চালের পায়েস, দুধ-দই-চিড়ার আপ্যায়নের পাশাপাশি উপহার হিসেবে ছিল বাগান থেকে আনা তাজা শাকসবজির থলি।

উৎসবের খবর সংবাদপত্রে দেখে সম্পূর্ণ অপরিচিত অনেকে শুধু শিকড়ের টানে ছুটে এসেছিলেন, যা আয়োজকদের মনে এক অন্য রকম ভালোলাগা ও তৃপ্তি ছড়িয়ে দেয়। কিছু প্রিয় মুখের অনুপস্থিতি যেমন অনুভবে মিস করা হয়েছে, তেমনই সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে দিয়েছে প্রাণ। প্রথম আলো পরিবারের পক্ষ থেকে সেই সব অতিথির প্রতি জানানো হয় গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি কবি সুবোধ সরকার এই ভিন্নধর্মী উদ্যোগ দেখে অভিভূত হন। আয়োজনে তার হাতে ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের স্মারক এবং ইব্রাহিম চৌধুরী খোকন ও আবু বকর সিদ্দিকীর হাতে ফিফা প্রেসিডেন্টের বিশেষ সনদ তুলে দেওয়া হয়।

প্রবাসের যান্ত্রিক জীবন কোনো ছকবাঁধা নিয়মে চলে না সত্যি, তবু স্মৃতির সুবাস, দেশীয় স্বাদ আর ভালোবাসার যে স্নিগ্ধ রেশ ছড়িয়ে রইল, তা বহু দিন প্রবাসীদের হৃদয়ে এক চিলতে বাংলাদেশ হয়েই জেগে থাকবে। নিউজার্সির দীর্ঘ পথ পেরিয়ে আমার এই ছুটে আসা হয়তো খুব সহজ ছিল না, তবু কাঁঠালের মিষ্টি সৌরভে আর সবার সাথে ভালোবাসার এই মেলামেলিতে যে খাঁটি ভালোলাগা লুকিয়ে ছিল তার টান উপেক্ষা করাও তো সহজ ছিল না!

আমি তো বরাবরই মানুষের মাঝে মিশে যেতে ভালোবাসি, ভালোবাসি হাজারো রঙের ভিড়ে নিজের শিকড়টাকে খুঁজে নিতে। কাঁঠালি রঙ্গা পোশাকের ওই বর্ণিল আয়োজনে সবার হাসিমুখের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার যে আনন্দ, তা প্রবাসের সব ক্লান্তি এক নিমেষেই ভুলিয়ে দেয়। জীবনের ক্যানভাসে এই স্বজনদের মিলনমেলা তাই স্মৃতির পাতায় জমা হয়ে রইল এক টুকরো খাঁটি ভালোলাগা হয়ে।

"প্রবাসের এই যান্ত্রিক জীবন, ছকবাঁধা দিন গতি

তবু স্মৃতির সুবাসে আজ উধাও পথের ক্লান্তি।

মাটির স্বাদ আর অনুভূতির উষ্ণতায় সুখ বাঁধি

হৃদয়ে থাক এক বাংলাদেশ জেগে নিরবধি।"
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন