https://www.prothomalony.com/
17824
new-york
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ ০১:৪৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো সম্পন্ন হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই উৎসবটি প্রবাসী বাংলাদেশি দর্শকসহ স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ব্যাপক উন্মাদনা ও সাড়া ফেলেছে।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই উৎসবের প্রধান স্পন্সর ছিল ‘অল কাউন্টি হোম কেয়ার’। অলিভ আহমেদ, লিটু আনাম, পিকলু চৌধুরী ও তানভীর সানির অক্লান্ত প্রচেষ্টায় আয়োজিত উৎসবের প্রথম তিন দিনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য রেড কার্পেট, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী পর্ব। আয়োজনে চিত্রনায়ক জায়েদ খান, কাজী মারুফ, ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান অংশ নিয়ে প্রবাসীদের উৎসাহিত করেন।
এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়। এতে ‘প্রিয়তমা’ সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান। ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শবনম বুবলী এবং ‘১৯৭১ সেই সব দিন’ নির্মাণের জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন হৃদি হক। বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হয় আজীবন সম্মাননা।
অন্যান্য বিভাগে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরী (তুফান) ও সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে সানজিদা প্রীতি (১৯৭১ সেইসব দিন) পুরস্কৃত হন। শ্রেষ্ঠ ওয়েব ফিল্মের পুরস্কার পায় ‘কাছের মানুষ দূরে থুইয়া’ (পরিচালক শিহাব শাহীন)। ওয়েব ফিল্মে সেরা অভিনেতা নির্বাচিত হন মামুনুন ইমন (মায়া) এবং সেরা অভিনেত্রী আফসান আরা বিন্দু (উণিশ ২০)। শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয় কাজী আরিশা (গ্রীন কার্ড) ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী (জংলী)।
সংগীত বিভাগে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হন বালাম (প্রিয়তমা) ও প্রীতম হাসান (তুফান), শ্রেষ্ঠ গায়িকা অবন্তি সিঁথি (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ (প্রিয়তমা) এবং শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা (প্রহেলিকা)। শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পান আসিফ ইকবাল (প্রহেলিকা) ও সোমেশ্বর অলি (প্রিয়তমা)।
কারিগরি বিভাগে শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবে মরণোত্তর সম্মাননা পান ড. ইনামুল হক (১৯৭১ সেই সব দিন)। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হন নাজিম উদ দৌলা ও রায়হান রাফী (সুড়ঙ্গ), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার (সুড়ঙ্গ) ও সাহেল রনি (দেয়ালের দেশ), শ্রেষ্ঠ সম্পাদক সিমিত রায় অন্তর (সুড়ঙ্গ) ও কামরুজ্জামান রনি (১৯৭১ সেই সব দিন) এবং শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে পুরস্কৃত হন রিপন নাথ (তুফান)।
এ ছাড়া শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্ট (Lost)’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ‘সংগস ফর এ কান্ট্রি’ পুরস্কৃত হয়। বাংলা চলচ্চিত্রের বিকাশে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক গ্রহণ করে বায়োস্কোপ ফিল্মস, স্টার সিনেপ্লেক্স এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’।
আয়োজকেরা জানান, প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলা চলচ্চিত্রের একটি শক্ত সেতুবন্ধন তৈরি করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার অবস্থানকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রথম আসরের অভাবনীয় সাফল্যের পর ভবিষ্যতে আরও বড় পরিসরে এই উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন