https://www.prothomalony.com/

17791

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফ্যাস্টিভ্যালে প্রবাসীদের প্রাণবন্ত মিলনমেলা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০৭:৪২

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে দুই দিনব্যাপী ১৭তম ‘বাংলাদেশি আমেরিকান ফ্যাস্টিভ্যাল’ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে। মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেন। পুরো আয়োজন এক সময় যেন লাল-সবুজের ছোট্ট বাংলাদেশে পরিণত হয়।

উৎসবে বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করে। ছিল র‌্যাফেল ড্র, যার প্রথম পুরস্কার ছিল একটি গাড়ি। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, গান এবং দেশীয় আড্ডার পাশাপাশি মেলায় বসে বাংলাদেশি পোশাক, খেলনা, গৃহসজ্জার সামগ্রী ও বাহারি খাবারের স্টল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী কালা মিয়া, কনা, মুজা, অনিক রাজ, রনি, বাংলা স্কুলের শিক্ষানবীশ শিল্পীরা, আমজাদ এবং টেন অ্যান্ড হাফ ব্যান্ড। এছাড়া স্থানীয় শিল্পীরাও পরিবেশনায় অংশ নেন।

মেলার নিরাপত্তায় বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি দায়িত্ব পালন করে ওয়ারেন পুলিশ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, বিভিন্ন সিটি কর্মকর্তা এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন।

সব বয়সী দর্শনার্থীদের জন্য ছিল নানা ধরনের বিনোদনের ব্যবস্থা। ওয়ারেন সিটি স্কয়ারের বিশাল মাঠজুড়ে প্রবীণদের আড্ডা, শিশু-কিশোরদের খেলাধুলা এবং পারিবারিক মিলনমেলার দৃশ্য উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে মেলার বিভিন্ন আয়োজন।

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি জাবেদ চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি-আমেরিকানদের ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি আনন্দঘন মিলনমেলার আয়োজন করাই ছিল তাদের লক্ষ্য।

তিনি মেলা সফল করতে উপস্থিতি, সহযোগিতা ও সার্বিক সহায়তার জন্য সকল অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন