https://www.prothomalony.com/
17789
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান’এর বার্ষিক পিকনিক। রোববার (২৬ জুলাই) মিশিগানে বসবাসরত গোয়াইনঘাটবাসীর এই মিলনমেলায় দিনব্যাপী ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, সৌহার্দ্যপূর্ণ আড্ডা ও নানা আয়োজন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন এবং আকাশে বেলুন উড়িয়ে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। এছাড়া যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, সিটি অফিসিয়াল, আসন্ন প্রাইমারি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অমূল্য চৌধুরী, আব্দুস সালাম, অরবিন্দ চৌধুরী মৃদুল, মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল ও খাজা শাহাব আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, পিকনিক উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং মাহ্ফুজুর রহমান।
মধ্যাহ্নভোজের পর শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য পৃথক খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। খেলাধুলার পর্ব শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিল রাফেল ড্র। এতে গাড়ি, রেফ্রিজারেটর, ল্যাপটপ ও টিভিসহ একাধিক সম্মানীয় উপহার রাখা হয়। প্রথম পুরস্কার বিজয়ী মনজুর আহমেদের হাতে গাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল পিকনিক সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহায়তা করায় আগত অতিথি ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন