https://www.prothomalony.com/
17786
north-america
এক সময় আমেরিকাকে চিনতে হলে হয়তো কল্পনায় ভেসে উঠত এক হাতে হুইস্কির গ্লাস, অন্য হাতে সিগারেট। সিনেমা, সাহিত্য, বার—সবখানেই অ্যালকোহল ছিল আমেরিকান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক। কিন্তু সময় বদলেছে। সেই বদলের সবচেয়ে বড় প্রমাণ মিলল এক নতুন পরিসংখ্যানে। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবনকারীর সংখ্যা নিয়মিত মদ্যপায়ীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের সাবস্ট্যান্স অ্যাবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (SAMHSA) -এর সাম্প্রতিক জাতীয় জরিপ অনুযায়ী, ২০২৫ সালে ১২ বছর বা তার বেশি বয়সী প্রায় ২ কোটি ১৪ লাখ মানুষ প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেছেন। একই সময়ে মাসে অন্তত ২০ দিন অ্যালকোহল পান করেছেন এমন নিয়মিত মদ্যপায়ীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৭২ লাখ। এমনকি নিয়মিত সিগারেট সেবনকারীর সংখ্যাও, যা প্রায় ১ কোটি ৯৯ লাখ, গাঁজা ব্যবহারকারীদের চেয়ে কম।
পরিসংখ্যান বলছে, বদলে যাচ্ছে আমেরিকার নেশার সংস্কৃতিও। গত কয়েক বছরে তামাক ও অ্যালকোহল—দুই ক্ষেত্রেই নিয়মিত ব্যবহার কমেছে। ২০২১ সালের তুলনায় ২০২৫ সালে নিয়মিত তামাক সেবন কমেছে প্রায় ২৮ শতাংশ এবং নিয়মিত মদ্যপান কমেছে ২৪ শতাংশ। বিপরীতে একই সময়ে দৈনিক গাঁজা সেবন বেড়েছে প্রায় ২১ শতাংশ। নিকোটিন ভেপিংকেও বিবেচনায় নিলে দেখা যায়, নিয়মিত ব্যবহারকারীর সংখ্যায় অ্যালকোহল এখন চতুর্থ স্থানে নেমে এসেছে।
তবে ছবির আরেকটি দিকও রয়েছে। গত এক মাসে অ্যালকোহল পান করেছেন প্রায় ১২ কোটি ৯০ লাখ আমেরিকান। যেখানে একই সময়ে গাঁজা ব্যবহার করেছেন প্রায় ৪ কোটি ৩৮ লাখ মানুষ। অর্থাৎ গাঁজা এখনো অ্যালকোহলের মতো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। কিন্তু যারা গাঁজা ব্যবহার করেন, তাদের বড় একটি অংশ সেটিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করেছেন। মাসিক গাঁজা ব্যবহারকারীদের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ প্রতিদিন বা প্রায় প্রতিদিন গাঁজা সেবন করেন, যেখানে মাসিক মদ্যপায়ীদের মধ্যে প্রতিদিন পান করেন মাত্র ১৩ শতাংশের মতো। অর্থাৎ, মদ এখনো বেশি মানুষের কাছে পৌঁছায়, কিন্তু গাঁজা যাদের জীবনে প্রবেশ করছে, তাদের অনেকের কাছেই সেটি প্রতিদিনের সঙ্গী হয়ে উঠছে।
বয়সভিত্তিক পরিসংখ্যানও প্রচলিত ধারণাকে কিছুটা চ্যালেঞ্জ জানায়। অনেকের ধারণা ছিল, জেন-জি প্রজন্ম মদ ছেড়ে গাঁজার দিকে ঝুঁকছে। কিন্তু জরিপে দেখা যায়, ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে নিয়মিত গাঁজা সেবনের হার প্রায় ১০ থেকে ১২ শতাংশ। একই বয়সীদের মধ্যে প্রতিদিন মদ্যপানের হার মাত্র ৩ থেকে ৫ শতাংশ এবং নিয়মিত সিগারেট সেবনের হার ৯.৬ শতাংশ। বরং ত্রিশ, চল্লিশ ও পঞ্চাশের ঘরের আমেরিকানদের মধ্যেই গাঁজা সেবনের প্রবণতা সবচেয়ে বেশি বেড়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, উদ্বেগ, ব্যথা উপশম এবং বিভিন্ন অঙ্গরাজ্যে গাঁজার বৈধতা বৃদ্ধির ফলে মধ্যবয়সী জনগোষ্ঠীর মধ্যে এর গ্রহণযোগ্যতা দ্রুত বেড়েছে।
এক সময় যে গাঁজাকে যুক্তরাষ্ট্রের আইনই অপরাধ হিসেবে চিহ্নিত করেছিল, আজ সেই গাঁজাই ধীরে ধীরে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে। রাজ্যে রাজ্যে বৈধতা, ডিসপেনসারির বিস্তার এবং সামাজিক কলঙ্ক কমে আসায় এটি এখন বহু মানুষের দৈনন্দিন জীবনের অংশ।
পরিসংখ্যানটি আমেরিকার সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনেরও এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যে হুইস্কি একসময় ছিল আমেরিকান পরিচয়ের প্রতীক, সেই হুইস্কির জায়গায় এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে গাঁজা। আর সেই পরিবর্তন ঘটছে নিঃশব্দে—কিন্তু গভীরভাবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন