https://www.prothomalony.com/

17781

north-america

উত্তর আমেরিকা

লস অ্যাঞ্জেলেস ফোবানার টাইটেল স্পন্সর শিল্পপতি মুনিরুল ইসলাম

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০৬:৪৫

উত্তর আমেরিকার বিশিষ্ট শিল্পপতি মুনিরুল ইসলাম ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য এই বৃহৎ আয়োজনে অংশ নিতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কনভেনর ড. জয়নুল আবেদীনের নেতৃত্বে কনভেনশন সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, লস অ্যাঞ্জেলেসের অনেক কৃতী ব্যক্তি এবারের ফোবানা আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁদের মধ্যে অধিকাংশই প্রকৌশলী। তাঁরা স্টেট ও ফেডারেল পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে কনভেনশনের বিভিন্ন দায়িত্ব পালন করছেন। এছাড়া উত্তর আমেরিকার বেশ কয়েকজন খ্যাতিমান ব্যবসায়ীর অংশগ্রহণও এবারের আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে মুনিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে টাইটেল স্পন্সরের চেক হস্তান্তর করেন। চেক গ্রহণ করেন ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা কনভেনশনের কনভেনর ড. জয়নুল আবেদীন এবং মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক লস্কর আল মামুন।

মুনিরুল ইসলামের এই সহযোগিতার জন্য ফোবানা পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন কনভেনর ড. জয়নুল আবেদীন।

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ফোবানার ৪০তম কনভেনশন। এরই মধ্যে আটলান্টা, টেক্সাস, ভার্জিনিয়া, নিউইয়র্ক ও ঢাকায় সফলভাবে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এবারের ফোবানা কনভেনশন উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো প্রবাসী বাঙালির মিলনমেলায় পরিণত হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন