https://www.prothomalony.com/

17769

north-america

উত্তর আমেরিকা

মিশিগানে বিয়ানীবাজার সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০১:৪৯

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই)  হ্যারিসন টাউনশিপের মেট্রোপার্কে দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন, বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ এবং সবশেষে আকর্ষণীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রয়ের পুরষ্কার হিসেবে ছিল একটি নতুন গাড়ি ও ঢাকা-বাংলাদেশ রিটার্ন এয়ার টিকিটসহ নানা আকর্ষণীয় উপহার।

দিনের শুরুতেই সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বনভোজনের শুভ সূচনা করেন।

সমিতির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাসির আহমদের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রবাসীদের শুভেচ্ছা জানানো হয়। বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির যেকোনো আয়োজনেই প্রবাসীদের ঢল নামে; এবারও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় মিশিগানের বাসিন্দা ছাড়াও আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্য থেকেও অনেকে এসে এই আনন্দ-আয়োজনে শামিল হন। ফলে পুরো বনভোজন প্রবাসীদের এক মহামিলনমেলায় পরিণত হয়।

সভাপতি আজমল হোসেন তার বক্তব্যে বনভোজন সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম, সাহায্য ও সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে খেলাধুলার অংশে নারীদের বালিশ দৌড় এবং পুরুষদের ঐতিহ্যবাহী রশি টানাটানি প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের দারুণভাবে উদ্বেলিত করে।

উক্ত বনভোজনে মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন