https://www.prothomalony.com/

17774

north-america

উত্তর আমেরিকা

আটলান্টিক সিটিতে বিএএসির ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ০৫:২৩

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির (বিএএসি) উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৬ জুলাই) সিটির ৫০২ উত্তর এনাপলিস অ্যাভিনিউসংলগ্ন মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কমিউনিটির যুবসমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বিএএসি এই টুর্নামেন্টের আয়োজন করে। প্রতিযোগিতায় নিউইয়র্ক, নিউজার্সি ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের মোট ১২টি ক্রিকেট দল অংশ নেয়।

রোববার সকালে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া বিএএসির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন।

দিনভর রোমাঞ্চকর খেলা শেষে ফাইনালে পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কর্ণারড টাইগার ক্রিকেট দল। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইমতিয়াজ এবং সেরা বোলার হন সালমান। এ ছাড়া পুরো টুর্নামেন্টে চমৎকার পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন ফারহান।

খেলা শেষে বিএএসির কর্মকর্তা ও অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। মাঠে গ্রীষ্মকালীন এই ক্রিকেটের উন্মাদনা উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক ক্রীড়ামোদী ও প্রবাসী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টটি সফলভাবে পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজিব চৌধুরী। তাকে সার্বিক সহযোগিতা করেন তপু, আহমেদ ও মনসুরসহ অনেকে।

বিএএসির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারী দল, দর্শক এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন