https://www.prothomalony.com/

14607

entertainment

বিনোদন

নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রদর্শিত হবে বাংলা চলচ্চিত্র ‘ইলাইজা’

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫ ১০:৪০

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের ‘ইলাইজা’ আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কের নিউ প্লাজা সিনেমা এবং ক্যালিফোর্নিয়ার ক‍্যামেলট থিয়েটারে প্রদর্শিত হবে। নিউ প্লাজা সিনেমার কিউরেটেড প্রোগ্রামে এই চলচ্চিত্রটি স্থান পেয়েছে।

নিউ প্লাজা সিনেমায় ‘ইলাইজা’ সেপ্টেম্বর ১৯ তারিখ সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে। দর্শকরা সিনেমা দেখার পাশাপাশি নির্মাতা রাজীদ সিজনের সঙ্গে প্রশ্নোত্তরের পর্বেও অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে সঞ্চালনা করবেন কিউরেটর মাইক‍্যাল জেকবসন।

এর আগে ১৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচ কালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ২৫ সেপ্টেম্বর পাম স্প্রিংস ক‍্যামেলট থিয়েটারে প্রদর্শিত হবে।

‘ইলাইজা’র গল্প আবর্তিত হয় হায়দার নামের হলুদ টেক্সি চালকের চারপাশে। মেডালিয়ন ধ্বসের কারণে তিনি সর্বস্ব হারান। এসময়ে তার একমাত্র কন্যা রূপান্তরকামী হিসেবে আত্মপ্রকাশ করে। হায়দারের মানসিক ও আর্থিক সংকটের মধ্যে মেয়ের জীবনকে কতটা মূল্য দেওয়া উচিত—এমন প্রশ্ন চলচ্চিত্রের মূল উপজীব্য।

নিউইয়র্কের নাট্য অভিনেতা এজাজ আলম ‘হায়দার’, এবং মিথিলা গাজী ‘ইলাইজা’ চরিত্রে অভিনয় করেছেন। কলকাতার অভিনেত্রী দেবজানী ব্যানার্জি ‘নীলিমা’ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন টিটো গাজী, সামাদ আলমগীর, আজম খান, শারমিন আক্তার, শায়েস্তা খান, আদেলা-আদ্রিয়ানা মযকু, এডিস ডেলগাডো, ইভা ভিস্কো ও মার্চিন মৌগেলেস্কি।

চলচ্চিত্রে বাংলা ও আঞ্চলিক ভাষার ব্যবহার করা হয়েছে—সিলেটী, কলকাতান, ঢাকাইয়া কুট্টি ও চলিত বাংলা। ইমেজ মেকার ফিল্মস সিনেমাটি পরিবেশন করেছে।

নিউ প্লাজা সিনেমার কিউরেটর মাইক‍্যাল জেকবসন বলেন, “ইলাইজা মর্মস্পর্শী এবং দর্শকের মনে সরাসরি সংযোগ ঘটায়। দক্ষিণ এশিয়ার অভিবাসী পরিবারের গল্প ভিজুয়ালি এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দর্শক স্বাভাবিকভাবেই চরিত্রগুলোর সঙ্গে যুক্ত হয়ে যান।”

বাংলাদেশি অভিবাসী পরিবারের বাস্তব জীবন ও সংস্কৃতির সততার জন্য সিনেমাটি সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বস্টন ভিত্তিক এশিয়ান ইংরেজি পত্রিকা ‘সাম্পান’ সমালোচনা করে উল্লেখ করেছে, “পশ্চিমা চলচ্চিত্রে যেখানে এশিয়ান কমিউনিটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়, সেখানে রাজীদ সততার সঙ্গে বাঙালিদের বস্তুনিষ্ঠভাবে তুলে ধরেছেন।”

বিনোদন থেকে আরো পড়ুন