https://www.prothomalony.com/
13815
new-york
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা রাজীদ সিজনের পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইলাইজা’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিস্কোর অঙ্গপ্রতিষ্ঠান এশিয়ান প্যাসিফিক আমেরিকান সিস্টেম ওয়াইড এলায়েন্স’র বাৎসরিক সম্মেলনে।
এ সম্মেলনে রাজীদ সিজন আমন্ত্রিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে এপিআএসএ’র প্রায় ৭০০ সদস্যের উপস্থিতিতে প্রদর্শিত হবে ‘ইলাইজা’। এছাড়া অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে। ফলে বিশ্বব্যাপী দর্শকরাও এতে অংশ নিতে পারবেন।
এপিআএসএ ১৯৮৮ সালে যাত্রা শুরু করে। এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই সংগঠনটি। প্রতিবছরই বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এশিয়ান বংশোদ্ভূত বিশিষ্টজনদের সম্মান জানিয়ে থাকে তারা।
চলচ্চিত্র নির্মাতা সিজন বলেন, এপিআএসএ’র মতো সম্মানজনক একটি প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে আমি গর্বিত। আমার নতুন চলচ্চিত্র ‘ইলাইজা’তে আমেরিকায় বসবাসকারী এশিয়ান অভিবাসীদের অভিজ্ঞতা ও সংকট তুলে ধরা হয়েছে, যা এই সম্মেলনের দর্শকদের সাথে গভীরভাবে সংযুক্ত হতে পারে বলে আমি মনে করি।
এপিআএসএ-এর সহ-সভাপতি এন্থনি আবাবন বলেন, আমরা আশা করি ‘ইলাইজা’ আমাদের কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পেতে সহায়ক হবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে।
‘ইলাইজা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন এজাজ আলম, মিথিলা গাজী এবং ভারতের পশ্চিমবঙ্গের দেবজানী ব্যানার্জি। চলচ্চিত্রটি এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন