https://www.prothomalony.com/

18253

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে সংবর্ধনা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০২

নিউইয়র্কের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার রাঁধুনী রেস্টুরেন্টে চট্টগ্রামের ফটিকছড়ির সংসদ সদস্য সারোয়ার আলমগীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম সমিতির প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম সমিতি নিউইয়র্কের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলওম্যান শাহানা হানিফ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বর্তমান সভাপতি আবু তাহের এবং ওয়াশিংটন ডিসি থেকে আগত কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সারোয়ার আলমগীর মোহাম্মদ হানিফ ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ করে বলেন, “হানিফ ভাই শুধু বড় ভাইয়ের মতো কাজ করেননি, তিনি আমার বড় ভাই হিসেবেই সবসময় পাশে থেকেছেন। নিউইয়র্কে এসে শুরুতেই তার অতিথি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।” 

বক্তব্যে তিনি ফটিকছড়ির উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এলাকা থেকে সন্ত্রাস নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া তাকে ফটিকছড়ি থেকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

কাউন্সিলওম্যান শাহানা হানিফ বলেন, “আমি নিউইয়র্ক সিটির কাউন্সিলওম্যান এবং এখানেই আমার জন্ম ও বেড়ে ওঠা, তবে আমার শিকড় ফটিকছড়িতে।”

ফটিকছড়ির মানুষ সারোয়ার আলমগীরের মতো একজন নেতা পেয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এমপি সারোয়ার আলমগীর ফটিকছড়ির পাশাপাশি সামগ্রিক দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।

অনুষ্ঠানে কবি ও লেখক সামছুদ্দীন মাহমুদ তার লেখা দুটি বই সংবর্ধিত অতিথি সারোয়ার আলমগীরের হাতে উপহার হিসেবে তুলে দেন। আলোচনা সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন