https://www.prothomalony.com/
18232
north-america
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সংগীতশিল্পী চন্দ্রশেখর দত্তের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় দেশি স্ট্রিট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘তীর্থ ও পরম্পরা’র আয়োজনে এবং সংযুক্তা রায় ও নীল মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। স্থানীয় শিল্পী, সাহিত্যিক, কবি ও কমিউনিটির বিশিষ্টজনদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি ছিল সুর ও সংগীতের আবহে প্রাণবন্ত।

রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও আধুনিক গানের শিল্পী চন্দ্রশেখর দত্ত অনুষ্ঠানে একের পর এক গান পরিবেশন করেন। তাঁর পরিবেশনায় উপস্থিত দর্শক ও শ্রোতারা মুগ্ধ হয়ে সংগীত উপভোগ করেন। প্রবাসের মাটিতে বাংলা গান ও সংস্কৃতির এমন আয়োজন পুরো অনুষ্ঠানস্থলকে যেন এক টুকরো বাংলাদেশের আবহে পরিণত করে।
অনুষ্ঠানে যন্ত্রসংগীতে ছিলেন অমিতাভ সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সুভদ্র গুপ্ত, অংকন বসু ও গোলাম মহিউদ্দিন। তাঁদের বাদ্যযন্ত্রের সুর শিল্পীর গানের সঙ্গে অনুষ্ঠানের আবহকে আরও সমৃদ্ধ করে তোলে।
অনুষ্ঠান শেষে আয়োজক সংগঠন ‘তীর্থ ও পরম্পরা’র কর্ণধার সংযুক্তা রায় ও নীল মজুমদার আমন্ত্রিত অতিথি, শিল্পী এবং দর্শক শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি ও সংগীতচর্চার এমন আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন