https://www.prothomalony.com/

18140

north-america

উত্তর আমেরিকা

৯ অঙ্গরাজ্যে স্ন্যাপ সুবিধায় নতুন বিধিনিষেধের প্রস্তাব, বন্ধ হতে পারে রেস্তোরাঁয় খাবার কেনা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১১

যুক্তরাষ্ট্রে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (স্ন্যাপ) আওতায় রেস্তোরাঁ থেকে গরম খাবার কেনার সুবিধা বন্ধের প্রস্তাব করা হয়েছে। প্রতিনিধি পরিষদে চলতি মাসে উত্থাপিত একটি নতুন বিল পাস হলে বর্তমানে নয়টি অঙ্গরাজ্যে চালু থাকা এই সুবিধা বাতিল হতে পারে।

জানা গেছে, স্ন্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় ৩ কোটি ৭০ লাখ মানুষ খাদ্য কেনার সহায়তা পান। সাধারণত এই সুবিধায় মুদি ও অন্যান্য অনুমোদিত খাদ্যপণ্য কেনা যায়। তবে নয়টি অঙ্গরাজ্যে নির্দিষ্ট শ্রেণির সুবিধাভোগীরা অনুমোদিত রেস্তোরাঁ থেকে গরম খাবারও কিনতে পারেন।

টেক্সাসের রিপাবলিকান প্রতিনিধি ব্র্যান্ডন গিল ‘এন্ডিং রেস্টুরেন্ট পারচেজেস উইথ স্ন্যাপ অ্যাক্ট অব ২০২৬’ নামে বিলটি উত্থাপন করেছেন। বিলটি পাস হলে স্ন্যাপের ‘রেস্টুরেন্ট মিলস প্রোগ্রাম’ পুরোপুরি বাতিল হবে।

এই কর্মসূচির আওতায় সাধারণত বয়স্ক, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি অথবা কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী রেস্তোরাঁ থেকে খাবার কেনার সুযোগ পান। তবে সব রেস্তোরাঁ এই সুবিধার আওতায় নেই এবং যোগ্যতা পূরণ করলেই প্রত্যেকে স্বয়ংক্রিয়ভাবে সুবিধাটি পান না।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, নিউইয়র্ক, রোড আইল্যান্ড ও ভার্জিনিয়ায় রেস্তোরাঁ মিল কর্মসূচি চালু রয়েছে।

বিলটির উদ্যোক্তা ব্র্যান্ডন গিল কর্মসূচিটিকে একটি ‘ফাঁকফোকর’ হিসেবে উল্লেখ করে বলেছেন, স্ন্যাপের অর্থ পুষ্টিকর খাবারের পরিবর্তে ফাস্টফুড কেনায় ব্যবহারের সুযোগ থাকা উচিত নয়। তার দাবি, গত দুই বছরে রেস্তোরাঁর মাধ্যমে ৫০ কোটি ডলারের বেশি স্ন্যাপ সুবিধা ব্যয় হয়েছে।

তবে প্রস্তাবটির সমালোচনা করেছেন খাদ্য অধিকারকর্মীরা। তাদের মতে, নিম্নআয়ের মানুষের খাবারের পছন্দের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করলে তাদের আরও বেশি সামাজিকভাবে হেয় করা হতে পারে। বিশেষ করে যারা নিজেরা রান্না করতে পারেন না বা স্থায়ী বাসস্থান নেই, তাদের জন্য রেস্তোরাঁ মিল কর্মসূচি গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা হিসেবে কাজ করে।

এদিকে যুক্তরাষ্ট্রে স্ন্যাপ সুবিধায় কোন ধরনের খাবার কেনা যাবে, তা নিয়েও সাম্প্রতিক সময়ে বিতর্ক চলছে। ‘মেক আমেরিকা হেলদি এগেইন’ উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্যে কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও ক্যান্ডির মতো পণ্য কেনায় বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জুন মাসে একজন বিচারক এসব নতুন বিধিনিষেধ বাতিল করেন।

এর বিপরীতে কংগ্রেসে ‘ফ্রেশ বাকস ফর ফ্রেশ প্রডিউস’ নামে আরেকটি বিলও উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত এই কর্মসূচিতে যোগ্য পরিবারগুলোকে মাসে অতিরিক্ত ৬০ ডলার দেওয়ার কথা বলা হয়েছে, যা শুধু ফল ও সবজি কেনার জন্য ব্যবহার করা যাবে।

স্ন্যাপ থেকে রেস্তোরাঁয় খাবার কেনার সুবিধা বাতিলের বিল এবং ফল-সবজি কেনায় অতিরিক্ত অর্থ দেওয়ার বিল—দুটিই বর্তমানে প্রতিনিধি পরিষদের কৃষি কমিটির বিবেচনায় রয়েছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন