https://www.prothomalony.com/

17967

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে অভিবাসন বিষয়ক নতুন আইন, স্থানীয় পুলিশের সঙ্গে আইসের চুক্তি বন্ধের নির্দেশ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ ০৪:৩৩

নিউইয়র্কে অভিবাসনপ্রত্যাশী ও অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি নতুন আইন আগামী ২৫ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। নতুন আইনের আওতায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে ফেডারেল অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) সঙ্গে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত চুক্তি বাতিল করতে হবে।

নতুন আইনে স্থানীয় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে আইসের হয়ে দেওয়ানি অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা করার সুযোগ সীমিত করা হয়েছে। এর ফলে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে অভিবাসনসংক্রান্ত গ্রেপ্তারের ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস গত জুলাইয়ে আইসের সঙ্গে চুক্তিবদ্ধ ১২টি স্থানীয় সংস্থাকে চুক্তি বাতিলের পরিকল্পনা জানাতে চিঠি দেন। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে পাঁচটি সংস্থা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি।

গভর্নর ক্যাথি হোকুল সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে আইসিইর সঙ্গে চুক্তি বাতিল না করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আইসের সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতার ক্ষেত্রে ‘২৮৭(জি)’ নামে পরিচিত চুক্তি গুরুত্বপূর্ণ। এসব চুক্তির মাধ্যমে আইস স্থানীয় কর্মকর্তাদের অভিবাসন আইন প্রয়োগের নির্দিষ্ট ক্ষমতা দিতে পারে।

তবে নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান এখনো আইসের সঙ্গে সহযোগিতা বন্ধের বিষয়ে সম্মতি দেননি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে এবং পরবর্তী সিদ্ধান্ত আইনি পরামর্শের ভিত্তিতে নেওয়া হবে।

নতুন আইন কার্যকর হলে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় স্থানীয় পুলিশ ও অভিবাসন কর্তৃপক্ষের ভূমিকার মধ্যে আরও স্পষ্ট সীমারেখা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন