https://www.prothomalony.com/

17909

north-america

উত্তর আমেরিকা

মিশিগানের হ্যামট্রাম্যাকে প্রথমবারের মতো ‘আম কাঁঠালি’ উৎসব

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ০১:৩৫

যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি হল পার্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী ‘আম কাঁঠালি উৎসব’। গত ৯ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৫টায় হ্যামট্রাম্যাক সিটি হল সংলগ্ন পার্কে এ উৎসবের আয়োজন করে মিশিগান থেকে প্রকাশিত পত্রিকা ইউএস বাংলা ডায়েরি।

পত্রিকাটির প্রধান সম্পাদক হারান কান্তি সেনের সভাপতিত্বে এবং সম্পাদক সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি কাউন্সিলর আবু মুসা, বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএর সভাপতি পার্থ সারথী দেব, সাধারণ সম্পাদক জুয়েল খান, কবি ইশতিয়াক রুপু, সাবেক সচিব মো. আব্দুর রউফ, বাংলা সংবাদপত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, সাংবাদিক চিন্ময় আচার্য, মিশিগান দুর্গা টেম্পলের সভাপতি পংকজ দাশ, কমিউনিটি নেতা গোলাম মোস্তফা খান, প্রবীণ শিক্ষক অমরেশ চন্দ্র দেবসহ অনেকে।

অনুষ্ঠানে স্বরচিত ‘আম কাঁঠালির পুঁথি’ পাঠ করেন হারান কান্তি সেন। সংগীত পরিবেশন করেন শর্মিলা দেব শর্মী ও কল্যাণী দেব চৌধুরী।

বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির গ্রীষ্মকালীন ফল উৎসব ও গ্রামীণ ঐতিহ্যকে পরিচিত করে তুলতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। তারা বলেন, আম কাঁঠাল শুধু ফল নয়, এটি বাঙালির আবেগ, শৈশবের স্মৃতি ও পারিবারিক সংস্কৃতির অংশ। ঝড়ের দিনে আম কুড়ানো কিংবা তপ্ত দুপুরে মুড়ি দিয়ে কাঁঠাল খাওয়ার স্মৃতি আজও অনেকের হৃদয়ে গেঁথে আছে। প্রবাসের ব্যস্ত জীবনে সেই স্মৃতিকে কিছুটা হলেও ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের কাছে বাঙালির এই ঐতিহ্য পৌঁছে দেওয়াই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য।

উৎসবকে আরও বর্ণিল করে তুলতে নারীরা হলুদ শাড়ি এবং পুরুষেরা হলুদ পাঞ্জাবি পরে অনুষ্ঠানে যোগ দেন। মিশিগানের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি ও বাঙালিরা পরিবার পরিজন নিয়ে উৎসবে অংশগ্রহণ করেন। এ সময় পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সবশেষে আয়োজকদের পক্ষ থেকে আম, কাঁঠাল, আনারস, খেজুর ও তরমুজ দিয়ে উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। উদ্যোক্তারা জানান, আগামী বছর থেকে প্রতি জুলাই মাসে নিয়মিতভাবে এ উৎসবের আয়োজন করা হবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন