https://www.prothomalony.com/
17914
north-america
মোবাইল ফোনটা বেজে উঠলেই এখন আমেরিকানদের একটা বড় অংশের মনে প্রথম যে প্রশ্নটা আসে, তা হলো — এটা কি সত্যিই কেউ, নাকি আরেকটা প্রতারণার কল? জুলাই মাসে যুক্তরাষ্ট্রে আনুমানিক ৪৪০ কোটি রোবোকল হয়েছে বলে জানিয়েছে কল-স্ক্রিনিং অ্যাপ ইউমেইল। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৫ সালের অক্টোবরে এই সংখ্যাটা সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল, কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে তা বাড়তে বাড়তে এখন আবার রেকর্ড ছুঁয়েছে, আর জুলাইয়ে এই কলগুলোর সবচেয়ে বড় অংশজুড়েই ছিল টেলিমার্কেটিং আর প্রতারণামূলক প্রস্তাব।
এই তালিকায় সবচেয়ে বেশি ঘুরেফিরে এসেছে "প্রি-অ্যাপ্রুভড লোন অফার"। অর্থাৎ ফোন ধরলেই শোনা যায়, আপনি নাকি খুব কম মাসিক কিস্তিতে বিশাল অঙ্কের একটা ব্যক্তিগত ঋণের জন্য যোগ্য বিবেচিত হয়েছেন। ইউমেইল তাদের প্রতিবেদনে সরাসরি বলেছে, এই ধরনের প্রচারাভিযান ন্যূনতম পক্ষে বেআইনি টেলিমার্কেটিং। গ্রাহকদের অভিযোগ ও কলের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে এগুলো সম্ভবত প্রতারণারই অংশ।
তবে এই ঢেউ সব জায়গায় সমান নয়। কিছু নির্দিষ্ট এরিয়া কোডে রোবোকলের বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। টেক্সাস, জর্জিয়া ও ইন্ডিয়ানার নম্বরগুলোই জুলাইয়ে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। শীর্ষে আছে হিউস্টনের ৩৪৬ এরিয়া কোড, যেখানে এক মাসেই কল বেড়েছে ১৯ শতাংশ। এর পরই আছে আটলান্টার ৪৭০ ও অ্যালবানির ২২৯ (উভয়ে ১৩ শতাংশ বৃদ্ধি), ইন্ডিয়ানাপোলিসের ৭৬৫ (১২ শতাংশ), আর মেমফিস, এভান্সভিল ও ডেনভারের কোডগুলোতে বেড়েছে ১১ শতাংশ করে।
ইউমেইলের প্রধান নির্বাহী অ্যালেক্স কুইলিসির ব্যাখ্যা, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) সাম্প্রতিক বছরগুলোয় নিয়ম কড়াকড়ি করলেও প্রতারকরা এখনো নানা ফাঁকফোকর খুঁজে বের করে নেটওয়ার্কে ঢুকে পড়ছে। তাঁর ভাষ্যে, একদল অসাধু টেলিকম প্রতিষ্ঠান এই অবৈধ কল-ট্রাফিক থেকে লাভবান হচ্ছে বলেই সন্দেহ করা হচ্ছে। যদিও বাধা আগের চেয়ে বেড়েছে, তবু বিপুল পরিমাণ কল তৈরি করতে খুব বেশি অসাধু পক্ষের দরকার হয় না।
এই সংকট মোকাবিলায় সিনেটে ইতিমধ্যে একটি বিল পাস হয়েছে। যার লক্ষ্য বিদেশ থেকে আসা রোবোকলগুলোর ওপর আরও কড়াকড়ি আরোপ করা। বিলের সহপ্রণেতা, ভারমন্টের ডেমোক্র্যাটিক সিনেটর পিটার ওয়েলচ এক বিবৃতিতে বলেছেন, রিপাবলিকান-ডেমোক্র্যাট নির্বিশেষে সব রাজ্যের মানুষই এখন ফোন ধরে প্রতারণার আশঙ্কায় থাকতে থাকতে ক্লান্ত।
বিশেষজ্ঞরা অবশ্য এটাও মনে করিয়ে দিচ্ছেন, জাতীয় "ডু নট কল" তালিকায় নাম নথিভুক্ত করলেও তা টেলিমার্কেটিং কল পুরোপুরি বন্ধ করতে পারে না। কোনো কল নিয়ে সন্দেহ হলে তা না ধরাই সবচেয়ে নিরাপদ পরামর্শ। ভয়েসমেইলে ছেড়ে দেওয়াই ভালো। ব্যাংক, ইউটিলিটি কোম্পানি বা স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সবসময় কার্ড বা সর্বশেষ স্টেটমেন্টে দেওয়া নম্বরই ব্যবহার করা উচিত।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন